Image description

বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার শুরুর একাদশ চূড়ান্ত করেছেন কোচ লিওনেল স্কালোনি। যুক্তরাষ্ট্রে চলমান প্রস্তুতির শেষ পর্যায়ে বৃহস্পতিবারের অনুশীলন শেষে এই সিদ্ধান্তে পৌঁছান তিনি। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচটি আগামী শনিবার স্থানীয় সময় রাত ৯টায় অনুষ্ঠিত হবে। খবর টিওয়াইসি স্পোর্টস। 

এই ম্যাচকে শুধু প্রস্তুতিমূলক হিসেবে দেখছে না আর্জেন্টিনা শিবির। খেলোয়াড়দের শারীরিক অবস্থা এবং ম্যাচ ফিটনেস যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেও দেখা হচ্ছে এই লড়াইকে।

দলে কিছু ইনজুরির সমস্যা থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, নিকো পাস, গনসালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, লিয়ান্দ্রো পারেদেস এবং লিওনেল মেসি সকলেই নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী উন্নতি করছেন।

গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ডান হাতে ব্যান্ডেজ নিয়েই অনুশীলন চালিয়ে যাচ্ছেন। তার রিং ফিঙ্গারে ফ্র্যাকচার থাকলেও তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছেন এবং ডান হাত স্থির রেখে বাম হাত ও পা ব্যবহার করে অনুশীলন করছেন।

অনুশীলনে কোচ স্কালোনি মূলত বল হারানোর পর দ্রুত পুনরুদ্ধার, ধারাবাহিক পাসিং, চাপ প্রয়োগ এবং আক্রমণ শেষ করার কৌশলের ওপর কাজ করান। পাশাপাশি ছোট আকারের ম্যাচে দলকে ভাগ করে প্রায় ২০ মিনিটের একটি অনুশীলন সেশনও পরিচালনা করেন।

হন্ডুরাস ম্যাচকে সামনে রেখে স্কালোনি পরীক্ষামূলকভাবে একাধিক পরিবর্তন করেন। ডান দিকের ফুলব্যাকে নিকোলাস ক্যাপাল্ডোর পরিবর্তে আগুস্তিন গিয়াইকে দেখা যায়। একই সঙ্গে আক্রমণভাগে জুলিয়ানো সিমিওনের জায়গায় জোসে ম্যানুয়েল লোপেজকে সুযোগ দিয়ে থিয়াগো আলমাদাকে মাঝমাঠে কিছুটা নিচে নামানো হয়।

অনুশীলন অনুযায়ী আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ দাঁড়িয়েছে—জেরোনিমো রুলি (গোলকিপার); আগুস্তিন গিয়াই, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো (রক্ষণভাগ); অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দে পল, থিয়াগো আলমাদা (মাঝমাঠ); লাউতারো মার্টিনেজ ও জোসে ম্যানুয়েল লোপেজ (আক্রমণভাগ)।

তবে কোচিং স্টাফ এখনো চূড়ান্ত সিদ্ধান্তে স্থির নন বলে জানা গেছে। শেষ মুহূর্ত পর্যন্ত কিছু পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না দলটি।

হন্ডুরাসের বিপক্ষে ম্যাচটি হবে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের কাইল ফিল্ড স্টেডিয়ামে।