ভারতের হায়দরাবাদে আজ রবিবার আইপিএলের ফাইনালের সঙ্গে ছিল আইসিসির বোর্ড সভাও। সেখানে উপস্থিত ছিলেন টেস্ট খেলুড়ে দেশের প্রতিনিধিরা। এমনকি ওয়ানডে সদস্যদের অনেকেই আমন্ত্রিত ছিলেন। তবে এই সভা থেকে বাদ পড়েছে শুধু বাংলাদেশ ও পাকিস্তান।
পাকিস্তানের বাদ পড়াটা স্বাভাবিক। মহসিন নাকভি ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারতে যাননি। অন্যদিকে বাংলাদেশের সভাপতির অনুপস্থিতি প্রক্রিয়াগত কারণে। বিসিবিতে এখনো নির্বাচিত বোর্ড আসেনি। সরকার কর্তৃক অ্যাডহক কমিটি দিয়ে চলছে বোর্ড। যাদের কাজ নির্বাচন দেওয়া।
বিসিবির নির্বাচনের দিন তারিখও ঠিক হয়েছে, প্রক্রিয়াও এগিয়ে চলছে। ৭ জুন নির্বাচনের পরই আইসিসিতে বাংলাদেশের প্রতিনিধি মনোনয়ন করবে বিসিবি। রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এমনটাই জানানো হয়।
তাই ৩১ মের আইসিসি সভায় বিসিবি সভাপতি ছিলেন অনুপস্থিত। এ সভাতে ওয়ানডে স্ট্যাটাসপ্রাপ্ত দলের সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ৩২ করার প্রস্তাব রাখা হয়েছে। এ ছাড়া পূর্ণ সদস্য ১২ দলকেই টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে দ্বিস্তর টেস্ট চ্যাম্পিয়নশিপ করার বিষয়টিও উঠে এসেছে।
অবশ্য এই প্রস্তাবগুলো জুলাইতে আইসিসি বোর্ড সভায় অনুমোদিত হতে পারে। বিসিবি নির্বাচনের পর ওই সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেন ভবিষ্যত বিসিবি সভাপতি।