Image description

কিকঅফ হয়েছে মাত্র। বল পেয়েই বাংলাদেশি অধিনায়ক মারিয়া মান্দা নিখুঁত পাসে খুঁজে নেন ঋতুপর্ণা চাকমাকে। ঋতুপর্ণার বক্সে বাড়ানো বল পেয়ে লক্ষ্যভেদ করলেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী।

মালদ্বীপের বিপক্ষে পাওয়া গোলটার টাইমিং বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে আছে ১২ সেকেন্ড। কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও আছে একই টাইমিং, যা মেয়েদের আন্তর্জাতিক ফুটবলে যৌথ দ্বিতীয় সর্বোচ্চ দ্রুততম গোলের রেকর্ড।

২০১৬ সালে কোস্টারিকার বিপক্ষে ১২ সেকেন্ডে গোল করেছিলেন যুক্তরাষ্ট্রের অ্যালেক্স মরগান। আনিকা পাশে বসলেন তার। সাফ ফুটবলে এটা দ্রুততম গোলের কীর্তি।

ম্যাচ শেষে মিক্সড জোনে আনিকা বলেছেন, ‘গোলটি দেশবাসীকে উৎসর্গ করছি। অবশ্যই খুব খুশি। জাতীয় দলে এটি আমার প্রথম গোল।’

মেয়েদের আন্তর্জাতিক ফুটবলে দ্রুততম গোলের রেকর্ডটা নর্দার্ন আয়ারল্যান্ডের সিমোনা ম্যাগিলের। ২০১৬ সালের জুনে জর্জিয়ার বিপক্ষে ১১ সেকেন্ডে গোল করেছিলেন তিনি। গিনেস বুকে স্বীকৃত রেকর্ড হিসেবে আছে এটাই।