Image description

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার হিসেবে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের সাথিরা জাকির জেসির। ইংল্যান্ড ও ওয়েলসে আগামী মাসে শুরু হতে যাওয়া আসরের জন্য ঘোষিত ম্যাচ অফিশিয়ালদের প্যানেলে জায়গা পেয়েছেন তিনি।

 

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টানা তৃতীয়বারের মতো সম্পূর্ণ নারী ম্যাচ অফিশিয়াল প্যানেল ঘোষণা করেছে আইসিসি। সেই প্যানেলের ১৪ আম্পায়ারের একজন জেসি। তার সঙ্গে প্রথমবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করবেন ক্যান্ডাস লা বোর্দে, গায়ত্রী ভেনুগোপালন ও কেরিন ক্লাস্টে।

 

এই চার আম্পায়ার ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছিলেন। এবার তারা সুযোগ পাচ্ছেন আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে। আগামী ১২ জুন বার্মিংহামের এজবাস্টনে শুরু হবে টুর্নামেন্ট। ১০ম আসরে রেকর্ড ৩৩টি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন ১৪ আম্পায়ার ও ৪ ম্যাচ রেফারি।

 

আইসিসির ঘোষণায় অভিজ্ঞদের উপস্থিতিও উল্লেখযোগ্য। অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক ষষ্ঠবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করবেন। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ২২ ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি, যা কোনো আম্পায়ারের সর্বোচ্চ। জ্যাকলিন উইলিয়ামস ও কিম কটন পঞ্চমবারের মতো এই আসরে দায়িত্ব পালন করবেন।

 

ম্যাচ রেফারি প্যানেলে আছেন ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিটজ, জি এস লক্ষ্মী ও মিশেল পেরেইরা।

 

আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা বলেছেন, ম্যাচ অফিশিয়াল প্যানেল নির্বাচনে পারফরম্যান্স, সিদ্ধান্ত নেওয়ার মান এবং সামগ্রিক মূল্যায়ন বিবেচনায় নেওয়া হয়েছে। তাঁর মতে, এই প্যানেল নারী ক্রিকেটের বিস্তৃত অগ্রগতি ও প্রতিনিধিত্বের প্রতিফলন।