ইউরোপা লিগের শিরোপা জয়ের আনন্দে ভাসছে অ্যাস্টন ভিলা। তবে সেই উল্লাসের মাঝেই দুঃসংবাদ পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের নির্ভরযোগ্য গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ডান হাতের অনামিকায় চোট পেয়েছেন। ফলে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দুটি প্রস্তুতি ম্যাচে তাকে পাওয়া যাবে না।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, চোট গুরুতর না হলেও পুরোপুরি সুস্থ হতে অন্তত ২০ দিন সময় লাগবে মার্টিনেজের। তবে জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে পাওয়ার আশাই করছে আলবিসেলেস্তেরা।
গত পরশু ইউরোপা লিগের ফাইনালে জার্মান ক্লাব ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে অ্যাস্টন ভিলা। ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপের সময় আঙুলে চোট পান মার্টিনেজ। শিরোপা জয়ের পর সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, ‘আজ (ফাইনালের দিন) ওয়ার্ম আপ করার সময় আমার আঙুল ভেঙে যায়। তবে প্রতিটি মেঘের আড়ালেই আলোর রেখা থাকে। আমি সারাজীবন এভাবেই খেলে এসেছি এবং এখনও খেলছি।’
পরে মেডিকেল পরীক্ষায় জানা যায়, তার আঙুলের হাড়ে ছোট একটি চিড় ধরা পড়েছে। যদিও অস্ত্রোপচারের প্রয়োজন হচ্ছে না। চিকিৎসকদের মতে, পুনর্বাসন প্রক্রিয়া ঠিকভাবে এগোলে বিশ্বকাপ শুরুর আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন।
এই চোটের কারণে জুনের শুরুতে আর্জেন্টিনার দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে পারবেন না মার্টিনেজ। আগামী ৬ জুন টেক্সাসে হন্ডুরাস এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। এএফএর মেডিকেল বিভাগ আশাবাদী, ২০ দিনের পুনর্বাসন শেষে প্রথম ম্যাচেই মাঠে ফিরতে পারবেন মার্টিনেজ।
বিশ্বকাপে এবার ‘জে’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। গ্রুপপর্বে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আগামী ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।