Image description

২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দলে জায়গা পাওয়ার পর আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। দীর্ঘ চোট কাটিয়ে জাতীয় দলে ফেরার মুহূর্তটিকে জীবনের সবচেয়ে আবেগঘন সময়গুলোর একটি বলে উল্লেখ করেছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

গত সোমবার বাংলাদেশ সময় মধ্যরাতে ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। দল ঘোষণার আগে সবচেয়ে বেশি আলোচনা ছিল নেইমারকে নিয়ে। ২০২৩ সালের অক্টোবরে গুরুতর চোটে মাঠের বাইরে ছিটকে পড়ার পর এবারই প্রথম জাতীয় দলে ফিরলেন ১২৮ ম্যাচ খেলা এই ফরোয়ার্ড।

দলে নিজের নাম ঘোষণার মুহূর্তে পাশে ছিলেন সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি ও ঘনিষ্ঠ বন্ধুরা। নাম শোনার পর উল্লাসে ফেটে পড়েন সবাই, আর চোখের পানি ধরে রাখতে পারেননি নেইমারও। সেই আবেগঘন ভিডিও পরদিন সামাজিক মাধ্যমে পোস্ট করেন তিনি।

ভিডিওর ক্যাপশনে নেইমার লেখেন, ‘আমার জীবনের সবচেয়ে আবেগঘন ও সুখের দিনগুলির একটির দৃশ্য ইতোমধ্যেই ইউটিউব চ্যানেলে রয়েছে, ধন্যবাদ, ব্রাজিল।’

পরে ক্লাব সান্তোসের টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া ও জাতীয় দলে ফেরার কঠিন পথচলার কথা তুলে ধরেন ব্রাজিলিয়ান তারকা।

নেইমার বলেন, ‘আমি বেশ কয়েক ঘন্টা ধরে কেঁদেছি, এখানে আসাটা সহজ ছিল না। আমার নাম ঘোষণার পর মনে হলো, যতকিছু (প্রতিকূলতা) পেরিয়ে এসেছি এবং এতসব প্রচেষ্টা সার্থক হয়েছে।’

সৌদি আরবের ক্লাব আল হিলালে ইনজুরিতে জর্জরিত সময় কাটানোর পর নিজেকে নতুনভাবে ফিরে পাওয়ার আশায় ২০২৫ সালের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। জাতীয় দলে প্রত্যাবর্তনের পেছনে এই ক্লাবের অবদানও বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি।

নেইমার বলেন, ‘আপনাদের আগেও যেমনটা বলেছি, এখানে ফিরে এসে স্বচ্ছন্দ বোধ করি। আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমার ডাক পাওয়াটা শুধু আমার জন্য নয়, এটা ছিল সেই সব মানুষের জন্য যারা এই প্রক্রিয়ার অংশ ছিলেন, যারা মাঠে ও মাঠের বাইরে আমার সঙ্গে ছিলেন, আমাদের নিরাপত্তা, শরীর ও খাবারের খেয়াল রেখেছেন।’

তারকাখ্যাতি, অভিজ্ঞতা এবং জাতীয় দলের হয়ে রেকর্ড গড়ার পরও বিশ্বকাপের মূল একাদশে জায়গা পাওয়া সহজ হবে না, সেটাও জানেন নেইমার। ইতোমধ্যে কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছেন, অতীত অর্জনের ভিত্তিতে কাউকে বাড়তি সুবিধা দেওয়া হবে না।

তবে কঠিন প্রতিযোগিতার মাঝেও আশাবাদী নেইমার। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দলের ঐক্যের ওপরও জোর দিয়েছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা।

তিনি বলেন, ‘সমর্থনের জন্য, সবসময় আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। ক্যারিয়ার জুড়ে সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ জানাতেই আমি এখানে এসেছি। ষষ্ঠ শিরোপার দিকে এগিয়ে চলা এই ব্রাজিল দলে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি।’