Image description

স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের আনন্দে ভাসছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে এল ক্লাসিকোতে ২-০ গোলে হারিয়ে মৌসুম শেষ হওয়ার তিন ম্যাচ আগেই নিজেদের ২৯তম লা লিগা শিরোপা নিশ্চিত করেছে কাতালানরা। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে গেছে, যা আর পুষিয়ে নেয়া সম্ভব নয়।

 

রোববার (১০ মে) রাতে অনুষ্ঠিত এল ক্লাসিকোতে প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের ভাগ্য গড়ে দেন মার্কাস রাশফোর্ড ও ফেরান তোরেস। জার্মান কোচ হান্সি ফ্লিকের অধীনে টানা দ্বিতীয়বার লা লিগা জিতল বার্সা। অন্যদিকে,  রিয়াল মাদ্রিদের মৌসুম শেষ হলো ট্রফিশূন্যভাবেই।

লা লিগার ইতিহাসে এটি ছিল মাত্র দ্বিতীয়বার, যখন এল ক্লাসিকোর ফলাফল সরাসরি শিরোপা নির্ধারণ করেছে। এর আগে ১৯৩২ সালে (৯৪ বছর আগে) বার্সেলোনার বিপক্ষে ড্র করে প্রথম লিগ শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাথলেতিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয়ার হতাশা থাকলেও, ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা উদযাপনে কোনো কমতি রাখেনি বার্সা।

ম্যাচ শেষে বার্সেলোনা মিডফিল্ডার ফ্রেঙ্কি দে জং বলেন, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে জিতে শিরোপা জেতাটা বিশেষ কিছু। এখন সমর্থকদের সঙ্গে উদযাপন করতে চাই। স্পেনে আমরাই ছিলাম সেরা দল। অবশ্যই আমরা চ্যাম্পিয়নস লিগও জিততে চাই, সেটাই আমাদের লক্ষ্য।’

ম্যাচের আগে রিয়াল শিবিরে ছিল অস্থিরতা। অনুশীলনে সতীর্থ অরেলিয়ে চুয়েমানির সঙ্গে সংঘর্ষে মাথায় চোট পেয়ে ছিটকে যান ফেদে ভালভের্দে। অন্যদিকে বার্সা কোচ ফ্লিক ব্যক্তিগত শোকের মধ্যেও দলের পাশে ছিলেন; ম্যাচের দিনই মারা যান তার বাবা।

ইনজুরিতে থাকা তরুণ তারকা লামিনে ইয়মালের জায়গায় ডান প্রান্তে খেলানো হয় মার্কাস রাশফোর্ডকে।  ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সায় খেলছেন তিনি।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। ২০ গজ দূর থেকে দারুণ এক ফ্রি-কিকে দলকে এগিয়ে দেন রাশফোর্ড। এরপর দানি ওলমোর ব্যাকহিল পাস থেকে বক্সে ঢুকে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস।

ইনজুরিতে থাকা কিলিয়ান এমবাপ্পের বদলে খেলতে নামা গনসালো গার্সিয়া গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।

দ্বিতীয়ার্ধে রিয়াল কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। জুডে বেলিংহ্যাম বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। অন্যদিকে বার্সার গোলরক্ষক হুয়ান গার্সিয়া দুর্দান্ত সেভ করে দলকে এগিয়ে রাখেন।

ক্যাম্প ন্যুতে উপস্থিত প্রায় ৬২ হাজার দর্শক পুরো ম্যাচজুড়েই উৎসবের আমেজে ছিলেন। ভিনিসিয়ুস জুনিয়রকেকে খোঁচা দিতে সমর্থকেরা বিচ বল উড়িয়ে আনন্দ প্রকাশ করেন।

ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় ফ্লিক বলেন, ‘আজকের দিনটি আমি কখনও ভুলব না। দিনটি আমার জন্য কঠিন ছিল, কারণ আমার বাবা মারা গেছেন। কিন্তু আমার দল পরিবার হয়ে পাশে দাঁড়িয়েছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো জিতে লা লিগা শিরোপা জয় সত্যিই অসাধারণ অনুভূতি।’

অন্তর্বর্তীকালীন কোচ আলভারো আরবেলোয়া ম্যাচ শেষে বার্সেলোনাকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এই মৌসুম থেকে শিক্ষা নিয়ে আরও কঠোর পরিশ্রম করতে হবে। এখনও তিনটি ম্যাচ বাকি, এবং আমাদের জিততেই হবে। কারণ আমরা শুধু নিজেদের জন্য নয়, রিয়াল মাদ্রিদের প্রতীক ও কোটি সমর্থকের জন্য খেলি।’