Image description

নিজের ৩৯তম জন্মদিনে ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৪২টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলার কৃতিত্ব দেখালেন মিস্টার ডিপেন্ডেবল। তামিম ইকবালকে ছাড়িয়ে রেকর্ডটি একার করে নিলেন এই তারকা। 

 

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিনে ৪৮ রানে অপরাজিত ছিলেন মুশফিক। শনিবার (৯ মে) দ্বিতীয় দিনের খেলা শুরুর পর চতুর্থ ওভারে শাহিন আফ্রিদির বলে (৮৮.২ ওভার) সিঙ্গেল নিয়ে ফিফটির দেখা পান মুশফিক। 

টেস্ট এ নিয়ে টানা তিন ইনিংসে ন্যূনতম ৫০ রানের দেখা পেলেন মুশফিক। গত বছর নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে আগের দুই ইনিংসে তার স্কোর ৫৩* ও ১০৬।

৪২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলতে মুশফিক করেছেন ১৩টি সেঞ্চুরি ও ২৯টি ফিফটি। অন্যদিকে তামিম ইকবালের রয়েছে ১০টি শতক ও ৩১টি অর্ধশতক।

মুশফিক ও তামিমের পর বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস সাবেক অধিনায়ক মুমিনুল হকের। বাঁহাতি এই ব্যাটার ৩৯ বার এই কীর্তি গড়েছেন। আর সাকিব আল হাসানের আছে ৩৬টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস।