Image description

নিজের ক্যারিয়ারে বহুবার বিতর্কে জড়িয়ে শাস্তি পেয়েছেন। ফুটবল ছাড়লেও বিতর্ক পিছু ছাড়েনি বার্সেলোনার সাবেক তারকা জেরার্ড পিকের। রেফারির সঙ্গে তর্কে জড়ানোয় ছয় ম্যাচের নিষেধাজ্ঞা ও দুই মাসের জন্য সব সরকারি ফুটবল কার্যক্রম থেকে তাকে বরখাস্ত করেছে স্পেন ফুটবল ফেডারেশন। 

২০২২ সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পর পিকে বর্তমানে স্প্যানিশ ক্লাব এফসি অ্যান্ডোরার যৌথ মালিক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত সপ্তাহে আলবাসেতের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের পর মাঠেই রেফারির সঙ্গে এই অপ্রীতিকর ঘটনায় জড়ান সাবেক এই স্প্যানিশ ডিফেন্ডার।  

রেফারি আলোনসো দে এনা উলফ অভিযোগ করেন, পিকে তাকে হুমকি দিয়েছেন। পিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি রেফারিকে ম্যাচ শেষে বলেছেন, 'এসকর্ট নিয়ে মাঠ ছাড়ুন, নইলে কেউ আপনাকে আক্রমণ করতে পারে। অন্য কোনো দেশ হলে আপনাকে মারধর করা হতো, তবে এখানে আন্দোরায় আমরা সভ্য মানুষ।'

এই ঘটনায় শৃঙ্খলা কমিটি পিকেকে দুই মাসের নিষেধাজ্ঞা দিয়েছে। পাশাপাশি রেফারির প্রতি 'সামান্য শারীরিক সহিংসতামূলক আচরণের' অভিযোগে আলাদাভাবে আরও ছয় ম্যাচের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে এই ৩৯ বছর বয়সী সাবেক ফুটবলারকে।

এই ঘটনায় অ্যান্ডোরার অন্য কর্মকর্তারাও জড়িত ছিলেন। ক্লাব সভাপতি ফেরান ভিলাসেকাকে চার মাস এবং ক্রীড়া পরিচালক জাউমে নোগেসকেও নিষিদ্ধ করা হয়েছে। 

এফসি আন্ডোরাকেও দেড় হাজার ইউরো জরিমানা করা হয়েছে এবং পরবর্তী দুটি ম্যাচের জন্য তাদের স্টেডিয়াম আংশিক বন্ধ রাখার শাস্তি দেওয়া হয়েছে। শাস্তির শেষ অংশটি শুধু প্রেসিডেনসিয়াল বক্স এবং ভিআইপি আসনগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে।