Image description

রাওয়ালপিন্ডির সেই স্মৃতি পাকিস্তানের জন্য সুখকর নয়। নিজেদের মাঠে এগিয়ে থেকেও ম্যাচ হাতছাড়া, সিরিজ হার, বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য, সব মিলিয়ে ২০২৪ সালের সেই সিরিজ পাকিস্তান ক্রিকেটের জন্য ছিল বড় ধাক্কা। কিন্তু মিরপুরে নতুন সিরিজ শুরুর আগে সালমান আলী আগা সেই অতীতকে ‘প্রতিশোধ’ দিয়ে মাপতে চান না।

বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টের আগের সংবাদ সম্মেলনে পাকিস্তানের টেস্ট অধিনায়ক পরিষ্কার জানালেন, তাদের ড্রেসিংরুমে প্রতিশোধের ভাষা নেই। বরং বাংলাদেশের কৃতিত্বকেই সামনে আনলেন তিনি।

সালমান বলেছেন, ‘আমাদের দলে প্রতিশোধ-জাতীয় কোনো শব্দের সঙ্গে নিজেদের জড়াই না। ২০২৪ সালে বাংলাদেশ যেভাবে প্রস্তুতি নিয়ে এসে খেলেছিল, তাদের কৃতিত্ব দিতেই হবে।’

পাকিস্তান ভেবেছিল, ঘরের কন্ডিশনে তারা বাংলাদেশকে চাপে রাখতে পারবে। কিন্তু ম্যাচের ভেতরে বাংলাদেশ বারবার ফিরে এসেছিল। বিশেষ করে ২৬ রানে ৬ উইকেট হারানোর পরও লড়াই করে ম্যাচ জেতার উদাহরণ আলাদা করে টানলেন সালমান। তার মতে, সেটিই বাংলাদেশের দক্ষতা ও মানসিক শক্তির প্রমাণ।

সালমানের ভাষায়, ‘আমরা ভেবেছিলাম, ওই কন্ডিশনে আমরা তাদের চেয়ে ভালো করব। কিন্তু তারা খুব ভালো ক্রিকেট খেলেছে। তাদের স্কিল ও সামর্থ্যের প্রমাণ ছিল, তারা এমন কিছু পরিস্থিতি থেকেও ফিরে এসেছে, যেখানে আমরা ম্যাচে এগিয়ে ছিলাম। ২৬ রানে ৬ উইকেট হারানোর পরও তারা লড়াই করে ম্যাচ জিতেছে।’

এই অভিজ্ঞতাই পাকিস্তানকে আরও সতর্ক করছে। সালমান জানালেন, বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। তার কথা, ‘আমরা কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেব না। প্রতিশোধ শব্দটা খুঁজব না। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো প্রক্রিয়া এবং আমরা কীভাবে খেলি।’

পাকিস্তানের সামনে এবার বড় পরীক্ষা শুধু ম্যাচ জেতা নয়, জেতার অবস্থান থেকে ম্যাচ শেষ করা। আগের সিরিজে সেই জায়গাতেই ধাক্কা খেয়েছিল তারা। এবার সালমান চান, দল ভালো অবস্থানে গেলে সেটি আর হাতছাড়া না করুক।

তিনি বলেন, ‘আমাদের ইচ্ছা হলো, যখন আমরা জেতার অবস্থানে যাব, তখন যেন ম্যাচ শেষ করতে পারি এবং ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারি।’

বাংলাদেশের বর্তমান দলকেও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দেখছেন পাকিস্তান অধিনায়ক। তার চোখে এই দল ব্যাটিং, পেস বোলিং ও স্পিন, তিন বিভাগেই ভারসাম্যপূর্ণ। আগের সিরিজের দলের সঙ্গে বর্তমান দলকে বেশ কাছাকাছিই মনে হচ্ছে তার।

সালমান বলেন, ‘বাংলাদেশ দল এখনো খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, খুব স্কিলফুল। ব্যাটিং, পেস বোলিং, স্পিন, সব বিভাগেই তারা কভারড।’