Image description

বয়স ৩৯ পেরিয়েছে। ইন্টার মায়ামির হয়ে ক্লাব ফুটবল চালিয়ে গেলেও জাতীয় দল উরুগুয়েকে ২০২৪ সালে বিদায় বলে দিয়েছেন। 

কিন্তু সামনে বিশ্বকাপ বলেই কি না দেশের হয়ে আবারও খেলার টান অনুভব করছেন লুইস সুয়ারেজ। তাই তো অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার ইঙ্গিত দিলেন এই কিংবদন্তি।

সম্প্রতি উরুগুয়ের সংবাদমাধ্যম দিয়ারিও ওভাসিওনকে দেওয়া সাক্ষাৎকারে সুয়ারেজ জানিয়েছেন, দল চাইলে তিনি অবসর ভেঙে বিশ্বকাপ খেলতে প্রস্তুত। সুয়ারেজের এই মন্তব্যে তাকে আবারও বিশ্বকাপে দেখার সম্ভাবনা জোরালো হলো।

২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মন্তেভিদিওতে সংবাদ সম্মেলনে কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন সুয়ারেজ। তখন তিনি বলেছিলেন, ‘সময় হয়েছে সরে দাঁড়ানোর।

জাতীয় দল থেকে অবসর নেওয়ার সাহস অর্জন করতে পেরেছি।’

 

এর চার দিন পর ৭ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের (কনমেবল) সপ্তম রাউন্ডে প্যারাগুয়ের বিপক্ষে পুরো ম্যাচ খেলেই উরুগুয়ের জার্সিকে বিদায় জানান সুয়ারেজ। 

তবে বিশ্বকাপের বছরে আবার জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন। সুয়ারেজ বলেন, ‘জাতীয় দল সব সময়ই এমন এক জায়গা, যেখানে আমি থাকতে চাই।

বিশ্বকাপের আগে যদি দল আমাকে প্রয়োজন মনে করে, আমি কখনোই না বলতে পারব না।’

 

সুয়ারেজ আরো জোর দিয়ে বলেন, ‘আমি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যেন অন্য খেলোয়াড়দের সুযোগ দেওয়া যায়। কারণ, আমি অনুভব করেছিলাম দলের জন্য আর খুব বেশি অবদান রাখতে পারব না। কিন্তু যদি দল আমাকে প্রয়োজন মনে করে, যতক্ষণ আমি সক্রিয় আছি, জাতীয় দলের ব্যাপারে না বলা আমার পক্ষে সম্ভব নয়।’

সুয়ারেজ ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ খেলেছেন ৫ এপ্রিল।

অস্টিনের বিপক্ষে মেজর লিগ সকারের (এমএলএস) সেই ম্যাচের ৭৪ মিনিটে কোচ হাভিয়ের মাচেরানো তাকে বদলি হিসেবে নামান। তখন তার দল ২-১ গোলে পিছিয়ে ছিল। ৮৩ মিনিটে গোল করে সুয়ারেজই সমতায় ফেরান দলকে। 
মায়ামির হয়ে সাম্প্রতিক পারফরম্যান্সও সুয়ারেজের জাতীয় দলে ফেরায় ভূমিকা রাখতে পারে। গত মৌসুমে ৫০ ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেন তিনি।

 

সুয়ারেজ যদি শেষ পর্যন্ত উরুগুয়ের জাতীয় দলে ফিরে বিশ্বকাপে খেলেন, তাহলে ক্রিস্টিয়ানো রোনালদো (৪১), লিওনেল মেসির (৩৯) মতো তিনিও বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নেওয়ার সুযোগ পাবেন।

সুয়ারেজের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে, তা জানতে আরো কয়েক দিন অপেক্ষা করতে হবে। উরুগুয়ে জাতীয় দলের ইতিহাসে সুয়ারেজই সর্বোচ্চ গোলদাতা। ১৪৩ ম্যাচে করেছেন ৬৯ গোল। 

আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। ৪৮ দলের এই বিশ্ব আসর যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।