Image description

সবশেষ বিসিবি নির্বাচনে কারচুপির প্রমাণ মেলায় গত মঙ্গলবার (৭ এপ্রিল) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয় এনএসসি। এরপর তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটির প্রথম সভাও অনুষ্ঠিত হয় একই দিন। সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম জানান, বিসিবির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন তানজিল চৌধুরি।

বুধবার দ্বিতীয় সভা শেষেই জানা গেল, এ দায়িত্বে থাকছেন না তানজিল চৌধুরি। এ নিয়ে তামিম বলেন, ‘গতকাল একটা কথা বলেছিলাম যে, আমাদের মধ্যে একজন স্পোকসপারসন হবেন, উনি (তানজিল চৌধুরী) আজকে মিটিং শেষে আমাকে অনুরোধ করেছেন, যেহেতু উনি বেশ ব্যস্ত মানুষ। উনার জায়গায় অন্য কাউকে নিয়োগ করা হয় তাহলে ভালো হয়। পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে, স্পোকসপারসন কে হবেন।’

দ্বিতীয় সভায় বেশ কিছু কমিটির দায়িত্ব বণ্টন করা হয়। তবে এখনো প্রকাশ করা হয়নি মিডিয়া কমিটির চেয়ারম্যানের নাম। এ বিষয়ে বর্তমান অ্যাডহক কমিটির এক সদস্য জানান, যিনি স্পোকসপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন, তিনিই মিডিয়া কমিটির দায়িত্বও সামলাবেন। এ নিয়ে সংশ্লিষ্ট সূত্রের দাবি, খুব শিগগিরই মিডিয়া কমিটির চেয়ারম্যানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এর আগে গত মঙ্গলবার তামিম ইকবাল বলেছিলেন, ‘আপনাদের সাহায্য আমার বেশি দরকার। আপনারা অনেক বড় অংশীদার এটা আমিও মনে করি, সাংবাদিকরা সবচেয়ে বড় অংশীদার। আমরা গত অনেক বোর্ডে দেখেছি যে, বিভিন্ন বোর্ড পরিচালক বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছেন। সেখান থেকে সরে এসে আমরা একজন স্পোকসপারসন ঠিক করেছি। বোর্ডের যেকোনো ব্যাপারে দয়া করে তার সাথে কথা বলবেন।’