Image description

নিউজিল্যান্ডের অধিনায়ক অ্যামেলিয়া কের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক সংখ্যক টানা ৩০ বা তার বেশি রান করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। টানা ১০ ইনিংসে ত্রিশোর্ধ্ব রান করে তিনি সংগ্রহ করেছেন ৫৫৪ রান। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ড মেয়েরা সিরিজ জিতে নেয়।

রোববার ওয়েলিংটনে চতুর্থ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে স্বাগতিকরা ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে। আগে ব্যাট করতে নেমে প্রোটিয়া মেয়েরা সংগ্রহ করেছিল ১৫৯ রান। কেরের সহযোদ্ধা সোফি ডিভাইন ৩৪ বলে ৬৪ রান করে দলকে শক্ত অবস্থানে রাখেন। কের নিজে ৩১ রান করেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজে কের দুর্দান্ত ফর্মে ছিলেন। মাউন্ট মঙ্গানুইতে ৪৪ বলে ৭৮ রান, হ্যামিল্টনে ১৮ বলে ৩২ এবং অকল্যান্ডে ২৮ বলে ৩০ রান করেছিলেন। সর্বশেষ ১০ ইনিংসে তার সংগ্রহ ৫৫৪ রান, স্ট্রাইকরেট ১৪২। বল হাতেও কের ১২ উইকেট নিয়েছেন, যেখানে ইকোনমি রেট মাত্র ৬.৭৪।

এর আগে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৯ ইনিংসে ৩০+ রান করার রেকর্ড শেয়ার করছিলেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও রোমানিয়ার রেবেকা ব্লেক। কের এই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন।

ব্যাট-বল দুই বিভাগেই দলের সাফল্য নিশ্চিত করে আসছেন কের। ১৫ ফেব্রুয়ারি তিনি তিন ফরম্যাটেই অধিনায়কত্ব পান। জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সিরিজেও তার নেতৃত্বে নিউজিল্যান্ডের সাফল্য অব্যাহত থাকে। ২০২৪ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউইদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর কেরকে আইসিসি বর্ষসেরা নারী ক্রিকেটার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

আরটিএনএন