চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পরও নিজের ভবিষ্যৎ নিয়ে জল্পনা উড়িয়ে দিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। বরং তিনি আত্মবিশ্বাসের সুরে জানিয়েছেন, আগামী মৌসুমে আরও শক্তিশালী হয়ে ফিরবে তার দল।
রিয়াল মাদ্রিদের কাছে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে হেরে টানা তৃতীয়বারের মতো ইউরোপ থেকে বিদায় নেয় সিটি। এরপরই গার্দিওলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
তবে এসব প্রশ্নে হালকা রসিকতার সুরেই জবাব দেন স্প্যানিশ এই কোচ। ‘সবাই কি আমাকে বিদায় করতে চায়? আমি তো এখনও আছি, চুক্তির আরও এক বছর বাকি,’—বলেন গার্দিওলা।
তিনি আরও যোগ করেন, “একদিন হয়তো আমি নিজেই বলব বিদায়। কিন্তু এখন নয়। আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, আগামী মৌসুমে আমরা আবার ফিরব।”
ম্যাচ প্রসঙ্গে গার্দিওলা বলেন, শুরুটা ভালো করলেও বার্নার্দো সিলভার লাল কার্ড ম্যাচের গতিপথ বদলে দেয়। ভিনিসিয়ুস জুনিয়রের শটে হাত লাগানোর কারণে সিলভাকে মাঠ ছাড়তে হয়, যা এড়ানো সম্ভব ছিল বলেও উল্লেখ করেন তিনি।
তবে নিজের খেলোয়াড়কে দোষ দিতে রাজি নন গার্দিওলা। ‘আমি কখনোই আমার খেলোয়াড়কে দোষ দেব না। ফুটবলে এমন ঘটনা ঘটে,’ বলেন তিনি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে তিন গোলের প্রয়োজন থাকা সত্ত্বেও আর্লিং হলান্ডকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েও ব্যাখ্যা দেন সিটি কোচ। তার মতে, এটি ছিল কৌশলগত সিদ্ধান্ত এবং সামনে গুরুত্বপূর্ণ ম্যাচের কথা ভেবেই পরিবর্তন আনা হয়।
সবশেষে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের প্রশংসা করে গার্দিওলা বলেন, ভুল করলে এমন দল শাস্তি দিতেই পারে।