Image description

দেশের ক্রীড়াঙ্গনের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবার কোমর বেঁধে মাঠে নামছে সরকার। 

আশি-নব্বইয়ের দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র আদলে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। মূলত তৃণমূল পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের তুলে আনতেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে।

আজ সোমবার (১৬ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন।

সভায় দেশের সকল জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং জেলা ক্রীড়া অফিসাররা ভার্চুয়ালি ও সরাসরি যুক্ত ছিলেন।

প্রতিমন্ত্রী জানান, আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে সিলেট বিভাগ থেকে এই প্রতিযোগিতার যাত্রা শুরু করার পরিকল্পনা রয়েছে।

কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

মোট ৭টি জনপ্রিয় খেলার ওপর ভিত্তি করে এই প্রতিভা অন্বেষণ চলবে। খেলাগুলো প্রথমে উপজেলা পর্যায়ে শুরু হবে। এরপর ক্রমান্বয়ে জেলা ও বিভাগীয় পর্যায় পার হয়ে সেরা প্রতিভারা জাতীয় পর্যায়ে লড়বে।

 

বাছাইকৃত সেরা খেলোয়াড়দের জন্য থাকছে আকর্ষণীয় সরকারি ক্রীড়া বৃত্তি।

এছাড়া তাদের উন্নত প্রশিক্ষণ, পড়াশোনা এবং সার্বিক বিকাশের দায়িত্ব নেবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

 

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার সুবর্ণ সুযোগ তৈরি হচ্ছে। আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মকে মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে সরিয়ে একটি সুস্থ ও কর্মঠ জাতি হিসেবে গড়ে তোলা।’