অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলার জন্য বোর্ডের কাছে এনওসি (অনাপত্তিপত্র) চেয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। সোমবার (২৬ অক্টোবর) ‘ডমেস্টিক থ্রি ট্রফি’র খেলোয়াড় নিলামের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল এই তথ্য জানান।
তিনি জানান, বিগ ব্যাশে খেলতে বোর্ডের কাছে এনওসির আবেদন করেছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ছাড়পত্র সাপেক্ষে সবকিছু পরিকল্পনামতো এগোলে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠ মাতাবেন মোস্তাফিজ। এছাড়া লেগ স্পিনার রিশাদ হোসেনও এনওসির আবেদন করেছেন বলে জানিয়েছে তামিম।
বিগ ব্যাশের পরবর্তী আসর আগামী ডিসেম্বর-জানুয়ারিতে হওয়ার কথা রয়েছে, ওই সময়েই মাঠে গড়াবে বিসিবির নতুন ‘ডি-থ্রি ট্রফি’র টি-টোয়েন্টি সংস্করণ। সূচি মিলে যাওয়ায় মোস্তাফিজুর রহমান ও লেগ স্পিনার রিশাদ হোসেন দুজনেই ডি-থ্রির টি-টোয়েন্টি সংস্করণে খেলবেন না।
নিলাম পরিচালনার সময় ধারাভাষ্যকার চারু শর্মা জানান, আগামী ১২ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত মোস্তাফিজকে পাওয়া যাবে না। এই কারণে নিলামে মোস্তাফিজকে নিয়ে খুব বেশি কাড়াকাড়ি হয়নি। সেভেন রিংস সিমেন্ট দল তাঁকে কেবল ওয়ানডে সংস্করণের জন্য ৭০ লাখ পয়েন্টে দলে নিয়েছে।
অন্যদিকে, গত মৌসুমে হোবার্ট হারিকেনসের হয়ে অভিষেকেই দারুণ পারফরম্যান্স করা রিশাদ হোসেন আগামী আসরেও একই ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন। বিসিবির চূড়ান্ত অনুমোদনের পর দুই তারকার এই বিগ ব্যাশ যাত্রা শুরু হবে।