Image description

বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ৯ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক ছুঁলেন লিটন কুমার দাস। আজ সোমবার আবুধাবি টেস্টের চতুর্থ দিনে তিনি এই মাইফলক স্পর্শ করেন। তার আগে এই কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম (১৬ হাজার ২৫২), তামিম ইকবাল (১৫ হাজার ১৯২), সাকিব আল হাসান (১৪ হাজার ৭৩০) এবং মাহমুদউল্লাহ (১১ হাজার ০৪৭)।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে বিশাল লিড নিচ্ছে বাংলাদেশ। ৬ উইকেটে ২২৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছে টিম টাইগার। দুই স্পিনার কায়েস আহমেদ এবং জিয়াউর রেহমান দুই প্রান্ত থেকে বোলিং শুরু করেন। দুজনকেই বাউন্ডারি মেরেছেন লিটন। অবশ্য কায়েসের বলে দুইবার জীবন পেয়েছেন এই উইকেটকিপার ব্যাটার।

ব্যক্তিগত ১৪ রানে অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন। তবে শহিদউল্লাহ কামাল তা ধরতে পারেনি। আবার ২৬ রানে অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারিতে লিটনের জোরালো শটে ফিরতি ক্যাচ নিতে পারেনি কায়েস। ইতিমধ্যে লিড সাড়ে তিনশ ছাড়িয়ে গেছে। বাংলাদেশ এখন কতদূরে যায়, সেটাই দেখার।