বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) না হলেও এর আদলে নতুন একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৬ ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য রবিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে আইকন ক্রিকেটারদের ড্রাফট।
আইকন ড্রাফটে প্রথমে খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ পায় ওয়ালটন গ্রুপ। তারা আইকন ক্রিকেটার হিসেবে দলে ভেড়ায় মেহেদী হাসান মিরাজকে। এরপর দ্বিতীয় ডাকের সুযোগ পাওয়া ফরচুন গ্রুপ তাদের আইকন খেলোয়াড় হিসেবে বেছে নেয় তাওহীদ হৃদয়কে।
পর্যায়ক্রমে বাকি ৪ ফ্র্যাঞ্চাইজি মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মুশফিকুর রহিম ও নাঈম শেখকে দলে নেয়। তবে আইকন ক্রিকেটার হিসেবে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও মুস্তাফিজুর রহমানের মতো জাতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা দল পাননি।
এ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি তামিম ইকবালের মন্তব্য, ফ্র্যাঞ্চাইজিগুলো হয়তো খেলোয়াড়দের প্রাপ্যতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিয়েছে।
তামিম বলেন, ‘মুস্তাফিজ যদি পিক হতো, ভালো হতো। আবারও বলছি, হয়তো ফ্র্যাঞ্চাইজিরা কিছু প্লেয়ারকে সিলেক্ট করেছে, কারণ তারা বেশি অ্যাভেইলেবল। ফলে অকশনে তাদের দামও বেশি উঠতে পারে।’
মুস্তাফিজের পাশাপাশি নাহিদ রানা ও তাসকিন আহমেদের মতো পেসারদের নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘মুস্তাফিজরা অ্যাভেইলেবল কম থাকবে। হয়তো ওই চান্সটা নিয়েছে। হয়তোবা আমি জানি না। আমার জন্য তো অবশ্যই ভালো হতো যদি মুস্তাফিজ, নাহিদ রানা, তাসকিনরা পিক হতো।’
এদিকে টুর্নামেন্টে খেলোয়াড়দের দলে নেওয়ার প্রক্রিয়া ড্রাফট নাকি অকশনের মাধ্যমে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তামিম। তার মতে, জাতীয় দলের তারকা পেসাররা যেভাবেই দল পান না কেন, তাদের জন্য ভালো পারিশ্রমিকের সুযোগ থাকবে।
তিনি বলেন, ‘ড্রাফট নাকি অকশন, এটা এখনও নিশ্চিত না। আমি নিশ্চিত, আমাদের যারা সুপারস্টার পেস বোলিং ইউনিট, তারা দল পাবে। যদি অকশন হয়, তাহলে চড়া দাম পাবে।’
তবে অকশনে বেশি দাম পেলেও ক্রিকেটারদের আর্থিক লাভ খুব বেশি হবে না বলেও জানান তামিম। কারণ, এই টুর্নামেন্টে খেলোয়াড়রা মূলত ম্যাচ ফি পাবেন। পাশাপাশি সুযোগ-সুবিধার দিক থেকে অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তামিমের ভাষায়, ‘অকশনে বেশি দাম পেলেও তাদের খুব বেশি লাভ হবে না। কারণ, খেলোয়াড়রা শুধু ম্যাচ ফি পাবে। আর্থিকভাবে, সুযোগ-সুবিধার দিক থেকে এত কিছু বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি নিশ্চিত, জাতীয় দলের বড় বড় তারকারাও খেলার জন্য আগ্রহী হবে।’