অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাইতে হারলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ মনে করেন, শীর্ষ দুইয়ে থেকে ফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের অবস্থান ধরে রাখার যথেষ্ট সুযোগ এখনো আছে বাংলাদেশের।
ডারউইনে ঐতিহাসিক জয়ের পর ম্যাকাইতে হেরেছে বাংলাদেশ। এরপরও বাকি ছয় টেস্ট থেকে আরও ৪৭ পয়েন্ট প্রয়োজন তাদের। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চারটি টেস্টেই জয় পেলে ফাইনালের পথ অনেকটাই শক্ত হবে। পাশাপাশি বাকি দুই টেস্টের অন্তত একটিতে জয় পেলেও সম্ভাবনা উজ্জ্বল হবে।
মুশতাক বলেন, ‘ইনশাআল্লাহ, কেন নয়? আমরা এখন দারুণ অবস্থানে আছি। ভালো ক্রিকেট খেলতে হবে এবং বিশ্বাস ধরে রাখতে হবে। আমাদের শেষ পর্যন্ত যাওয়ার অধিকার আছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের জন্য ভয়কে জয় করার মানসিকতার ওপরও গুরুত্ব দিয়েছেন পাকিস্তানের সাবেক এই স্পিনার। তার মতে, হারার ভয় নিয়ে খেললে বড় ম্যাচ জেতা কঠিন। খেলোয়াড়, নির্বাচক ও সংশ্লিষ্ট সবাই এখন একই লক্ষ্যে বিশ্বাসী বলেও জানান তিনি।
এদিকে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাই পারফরম্যান্স ও অনূর্ধ্ব-২৩ দলের স্থানীয় স্পিনারদের নিয়ে চার দিনের ক্যাম্প পরিচালনা করছেন মুশতাক। তার সঙ্গে আছেন সাবেক বাংলাদেশি বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক ও নাবিল সামাদসহ কয়েকজন স্থানীয় কোচ।
মুশতাক মনে করেন, নিয়মিত এমন ক্যাম্প আয়োজন করলে বাংলাদেশের স্পিন বিভাগ আরও শক্তিশালী হবে। প্রতি তিন মাসে একবার করে ক্যাম্প আয়োজনের পরামর্শ দিয়েছেন তিনি।
শুধু স্পিনার নয়, স্থানীয় স্পিন বোলিং কোচ তৈরির ওপরও জোর দিয়েছেন মুশতাক। তার মতে, স্পিনারদের কখন আক্রমণ করতে হবে, কখন রান আটকাতে হবে, উইকেট ও ব্যাটারের শক্তি অনুযায়ী ফিল্ড সাজানো; এসব বিষয়ে কোচদেরও দক্ষ করে তুলতে হবে। ভালো বলের চেয়ে ধারাবাহিকভাবে ভালো ওভার করাই যে উইকেট এনে দেয়, সেটিও শেখানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।