লিওনেল মেসির বাঁ-পায়ের জাদুতে আবারও মুগ্ধ হলো ফুটবলবিশ্ব। সান দিয়েগোর বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে ইন্টার মিয়ামির হয়ে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করেছেন আর্জেন্টাইন তারকা। সেই গোলের সুবাদে ক্যারিয়ারে ফ্রি-কিক থেকে গোলের সংখ্যায় আরও একটি ধাপ এগিয়ে এখন ঐতিহাসিক এক রেকর্ডের একেবারে কাছাকাছি তিনি।
সান দিয়েগোর বিপক্ষে ম্যাচে পিছিয়ে থাকা ইন্টার মিয়ামিকে সমতায় ফেরান মেসি। ম্যাচের প্রথমার্ধের ২৪ মিনিটে বক্সের অর্ধচন্দ্রের কাছাকাছি, একটু ডান দিকে বল রেখে ফ্রি-কিক নেন তিনি। এরপর বাঁ-পায়ের শটে বলকে এমনভাবে পাঠান, যা অনেকটা বিষাক্ত ক্রসের মতো ছুটে যায় গোলের দিকে।
বলটি পেনাল্টি স্পটের কাছাকাছি মাটিতে বাউন্স করে। মেসির সতীর্থদের কেউই সেটিতে মাথা ছোঁয়াতে পারেননি। কিন্তু বলের গতিপথে বিভ্রান্ত হয়ে পড়েন সান দিয়েগোর গোলরক্ষক সি জে দস সান্তোস। বলটি পোস্টে লেগে এরপর গোলের ভেতরের দেয়ালে গিয়ে আটকে যায়।
গোলটির পেছনে গোলরক্ষকের ভুলও ভূমিকা রেখেছে। তবে মেসির শটের নিখুঁততা এবং বলের অদ্ভুত গতিপথই শেষ পর্যন্ত সেটিকে বিশেষ করে তুলেছে।
ফ্রি-কিকে ৭৫ গোল মেসির
সান দিয়েগোর বিপক্ষে এই গোলের মাধ্যমে মেসির ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৩০-এ। এর মধ্যে ফ্রি-কিক থেকেই করেছেন ৭৫টি গোল। ফ্রি-কিক থেকে গোলের এই হিসাবেও এবার ব্রাজিলের জাইর রোসা পিন্তোকে ছাড়িয়ে গেছেন মেসি। জাইরের চেয়ে একটি বেশি ফ্রি-কিক গোল এখন আর্জেন্টাইন মহাতারকার।
Free kick goal and it had to be HIM pic.twitter.com/4wUhKXNjzL — Inter Miami CF (@InterMiamiCF) September 20, 2026
আর এখানেই থামছেন না মেসি। ঐতিহাসিক তালিকায় শীর্ষে থাকা আরেক ব্রাজিলিয়ান তারকা মার্সেলিনহো কারিওকার রেকর্ড ছুঁতে এখন তার প্রয়োজন মাত্র তিনটি ফ্রি-কিক গোল।
মার্সেলিনহো কারিওকার ফ্রি-কিক গোলের সংখ্যা ৭৮। অর্থাৎ আরও তিনটি গোল করতে পারলে সেই রেকর্ডে ভাগ বসাবেন মেসি। এরপর আর একটি গোল করলেই এককভাবে উঠে যাবেন তালিকার শীর্ষে।
তালিকায় মেসির নিচে যারা
ফ্রি-কিক থেকে সর্বোচ্চ গোলের তালিকায় মেসির পেছনে রয়েছেন আরও বেশ কয়েকজন কিংবদন্তি। ব্রাজিলের রবার্তো দিনামিতের ফ্রি-কিক গোল ৭৩টি। জুনিনহো পারনামবুকানো করেছেন ৭২টি। মার্কোস আসুনসাওয়ের ৬৮টি এবং সিনিসা মিহাইলোভিচের ৬৭টি।
এই তালিকায় ৬৫টি ফ্রি-কিক গোল নিয়ে রয়েছেন জর্জে আরাভেনা। মেসির চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ক্রিশ্চিয়ানো রোনালদোর ফ্রি-কিক গোল ৬৪টি। ব্রাজিলের জিকোর রয়েছে ৬২টি। আর্জেন্টিনার আরেক কিংবদন্তি দিয়েগো আরমান্দো ম্যারাডোনাও রয়েছেন এই তালিকায়। তার ফ্রি-কিক গোল ৬১টি।
মেসির বয়স এখন ৩৯। এরই মধ্যে জাতীয় দল থেকেও অবসর নিয়েছেন তিনি। তবে জাতীয় দলের জার্সিতে তার আনুষ্ঠানিক বিদায় এখনো বাকি। আগামী ৬ অক্টোবর মনুমেন্টালে বেনিনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে বিদায় নেবেন মেসি।
জাতীয় দল থেকে সরে গেলেও ক্লাব ফুটবলে তার যাত্রা এখনো চলছে। ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি অনুযায়ী ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটির সঙ্গে যুক্ত থাকবেন আর্জেন্টাইন এই তারকা।
অর্থাৎ ঐতিহাসিক ফ্রি-কিক রেকর্ডটি নিজের করে নেওয়ার জন্য তার সামনে এখনো পর্যাপ্ত সময় রয়েছে। বর্তমান হিসাব অনুযায়ী, মার্সেলিনহো কারিওকার ৭৮ গোলের রেকর্ড থেকে মাত্র তিনটি গোল দূরে মেসি।
ফলে ৩৯ বছর বয়সেও মেসির সামনে এখন নতুন এক ইতিহাসের হাতছানি। আরও তিনটি ফ্রি-কিক গোল করলেই ছুঁয়ে ফেলবেন রেকর্ডটি, আর চারটি করলে এককভাবে উঠে যাবেন সর্বকালের শীর্ষে।