আসন্ন আন্তর্জাতিক উইন্ডোতে ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। অন্য যে কোনো ম্যাচের চেয়ে বিশেষ এই ম্যাচগুলো। কারণ এর শেষটি দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন দেশটির মহাতারকা লিওনেল মেসি।
বুয়েন্স আয়ার্সে ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্টাল স্টেডিয়ামে জাতীয় দলের জার্সিতে শেষবারের মত মাঠে নামার উপলক্ষটি বর্ণিলভাবে সাজিয়ে রাখার পরিকল্পনা পুরো আর্জেন্টিনার। আর সেটি মাঠে বসে দেখার জন্য গুনতে হবে মোটা অঙ্কের অর্থ।
মনুমেন্টালে আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে মেসির বিদায়ী ম্যাচ। এর আগে মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হবে তারা। এরপর মনুমেন্টালেই হবে বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচ।
এই তিন ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বেনিনের বিপক্ষে ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ৯০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ১০ লাখ টাকার বেশি।
অর্থাৎ মাঠে বসে আর্জেন্টাইন মহাতারকার বিদায়ী ম্যাচ দেখার জন্য ন্যুনতম কোটি টাকার বেশি গুনতে হবে একজন দর্শককে। তবে তিন থেকে দশ বছর বয়সী শিশুদের জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে ২৯ হাজার ডলার।
এছাড়া সিভোরি এন্ড সেন্টেনারিও আপার স্ট্যান্ডের টিকিটের মূল্য ১ লাখ ৮০ হাজার ডলার, সিভোরি এন্ড সেন্টেনারিও মিডল স্ট্যান্ডের টিকিটের মূল্য ৩ লাখ ২০ হাজার ডলার, স্যান মার্টিন এন্ড বেলগ্রানো আপার স্টলের টিকিটের মূল্য ৩ লাখ ২০ হাজার ডলার, স্যান মার্টিন এন্ড বেলগ্রানো লোয়ার স্টলের টিকিটের মূল্য ৪ লাখ ৫০ হাজার ডলার ও স্যান মার্টিন এন্ড বেলগ্রানো মিডল টায়ারের টিকিটের মূল্য ৪ লাখ ৮০ হাজার ডলার।
স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টা) থেকে শুরু হবে টিকিট বিক্রি।
তথ্যসূত্র : ওয়ানফুটবল.কম