Image description

এবারের এশিয়ান গেমস মাঠে গড়ানোর আগেই জেগেছিল শঙ্কা। অ্যাথলেটদের আবাসন সংকট যে প্রকট হতে পারে, সেই আভাস দিয়েছিল খোদ আয়োজন দেশ জাপান। শেষ পর্যন্ত সত্যি হয়েছে এটাই। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হোটেল রুম না পেয়ে লবিতেই রাত কাটাতে হয়েছে ভারতসহ বেশ কয়েকটি দেশের অ্যাথলেটদের।

এশিয়ান গেমসের পর্দা উঠছে ১৯ সেপ্টেম্বর। আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন না হলেও ফুটবল, ক্রিকেট, বাস্কেটবলের মতো খেলা এরই মধ্যে শুরু হয়েছে।

টুর্নামেন্টের শুরুতেই আবাসন ব্যবস্থা নিয়ে অভিযোগ উঠেছে। ভারতীয় গণমাধ্যমের দাবি, তারা হতে রুমই পাচ্ছেন না। এশিয়ান গেমসের জন্য কয়েক ধাপে ভারতের ব্যাডমিন্টন, টেবল টেনিস, রোয়িং, অ্যাথলেটিক্স, শুটিংয়ের দল ইতোমধ্যে পৌঁছে গিয়েছে আয়োজক শহর আইচি নাগোয়ায়।

রোয়িং বা শুটিংয়ের মতো যেসব খেলার দল সবার আগে পৌঁছেছে, তাদের নাকি দুর্ভোগ পোহাতে হয়েছে সবচেয়ে বেশি। ঘর পাওয়ার জন্য অনেককেই কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। দীর্ঘযাত্রার ক্লান্তির জেরে বহু ক্রীড়াবিদ গেমস সেন্টারের লবিতে থাকা সোফাতেই ঘুমিয়ে পড়েছেন।

ভারতীয় গণমাধ্যম আরও বলছে, গত মঙ্গলবার আইচি-নাগোয়ায় পৌঁছে গিয়েছিল ভারতের শুটিং দল। কিন্তু তাদের রুম দেওয়া হয়নি।  এতে রাতভর লবিতেই কাটিয়েছেন শুটাররা। অবশেষে ভোরের দিকে ঘর বরাদ্দ করা হয় তাদের জন্য। ক্রীড়াবিদদের থেকেও খারাপ অবস্থা সাপোর্ট স্টাফদের। কারণ তাদের রুম পেতে অপেক্ষা করতে হয়েছে আরও বেশি সময়। 

এদিকে টুর্নামেন্টের আবাসন ব্যবস্থাকে ‘এখন পর্যন্ত সবচেয়ে বাজে’ বলে অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া।