ক্যারিয়ারের শেষবেলায় এসে নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। ৪০ বছর বয়সী এই তারকাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলা। উনাই এমেরির দলের সঙ্গে ফ্রি ট্রান্সফারে যোগ দেওয়া নিয়ে আলোচনা চলছে বলে গুঞ্জন উঠেছে। চুক্তির বিষয়টি প্রায় চূড়ান্ত এবং আগামী সপ্তাহে মেডিকেলও হতে পারে বলে দাবি করা হচ্ছে। তবে অ্যাস্টন ভিলা কিংবা রামোস—কেউই এখনো সম্ভাব্য এই দলবদলের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
বিভিন্ন সূত্র অনুযায়ী, রক্ষণভাগ শক্তিশালী করতে রামোসের সঙ্গে আলোচনা শুরু করেছে অ্যাস্টন ভিলা। স্পেন ও ফ্রান্সে ক্লাব ক্যারিয়ারের দীর্ঘ সময় কাটানোর পর মেক্সিকোতে পাড়ি জমানো রামোসের জন্য প্রিমিয়ার লিগে খেলার এটিই হতে পারে প্রথম সুযোগ।
২০২৫ সালের ডিসেম্বরে মেক্সিকোর ক্লাব মনতেরে ছাড়ার পর থেকে কোনো ক্লাবে নেই রামোস। এর আগে পিএসজিতে খেলার পর লিগা এমএক্সে যোগ দেন তিনি।
ভিলায় যোগ দিলে ট্রান্সফারটি বেশ আগ্রহের জন্ম দেবে। ঘরোয়া ও ইউরোপীয় প্রতিযোগিতায় লড়াই করা দলটিতে রামোসের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও শক্তিশালী উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রিয়াল মাদ্রিদের ইতিহাসে অন্যতম সফল ডিফেন্ডার সার্জিও রামোস। ২০০৫ সালে সেভিয়া থেকে যোগ দেওয়ার পর সান্তিয়াগো বার্নাব্যুতে ১৬ মৌসুম কাটিয়েছেন তিনি। ক্লাবটির হয়ে ৬৭১ ম্যাচে ১০১ গোল করেছেন এই স্প্যানিশ তারকা। রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড়দের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি।