Image description

পর্তুগালের চতুর্থ বিভাগের দল রিয়াল স্পোর্ট ক্লাবের হয়ে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিলেন পর্তুগিজ মিডফিল্ডার কেভিন কাস্ত্রো। ম্যাচ শুরুর ১০ মিনিট পরেই হঠাৎই অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন ২৫ বছর বয়সী সাবেক ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের এই মিডফিল্ডার। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে।

শনিবার পর্তুগালের মালভেইরায় এস্তাদিও দাস সেইখাসে এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছিল কাস্ত্রোর দল রিয়াল স্পোর্ট ক্লাব। ম্যাচের শুরুতেই অসুস্থ হয়ে মাঠে পড়ে যান তিনি। দুই দলের চিকিৎসাকর্মীরা দ্রুত মাঠে ছুটে এসে তাঁকে জরুরি চিকিৎসা দেন। এ সময় ডিফিব্রিলেটরও ব্যবহার করা হয়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

কাস্ত্রোর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানানো হয়নি। তাঁর মৃত্যু নিশ্চিত করেছে লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন ও রিয়াল স্পোর্ট ক্লাব।

এক বিবৃতিতে রিয়াল স্পোর্ট ক্লাব বলেছে, কাস্ত্রো শুধু একজন খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন ক্লাব পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। মাঠ ও মাঠের বাইরে তাঁকে যারা চিনতেন, তাঁদের সবার মনে তিনি গভীর ছাপ রেখে গেছেন।

এস্ত্রেলা দা আমাদোরাও কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। তাঁর পরিবার, বন্ধু ও রিয়াল স্পোর্ট ক্লাবের প্রতি সমবেদনা জানিয়েছে পর্তুগিজ ক্লাবটি।

কাস্ত্রোর ক্যারিয়ারের বড় অংশ কেটেছে ইংল্যান্ডে। ২০২১ সালে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নে যোগ দেন তিনি। একই বছর আর্সেনালের বিপক্ষে কারাবাও কাপের ম্যাচে ক্লাবটির মূল দলে অভিষেক হয় তাঁর। পরে চ্যাম্পিয়নশিপে সোয়ানসি সিটির বিপক্ষেও খেলেন।

এরপর বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি, গেটসহেড ও ইয়র্ক সিটিসহ ইংল্যান্ডের আরও কয়েকটি ক্লাবে খেলেছেন কাস্ত্রো। চলতি মৌসুমের আগে পর্তুগালে ফিরে রিয়াল স্পোর্ট ক্লাবে যোগ দেন তিনি।

মাত্র ২৫ বছর বয়সে কাস্ত্রোর আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে পর্তুগিজ ফুটবলে। তাঁর স্মরণে রোববার বার্নলির বিপক্ষে ম্যাচে ওয়েস্ট ব্রমের খেলোয়াড়েরা কালো আর্মব্যান্ড পরবেন। ম্যাচের ২৫তম মিনিটে তাঁর স্মরণে এক মিনিটের করতালির আয়োজনও করা হয়েছে।