ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি অংশ এবং পরবর্তী ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তান দলে যুক্ত হয়েছেন সৌদ শাকিল ও আবদুল্লাহ শফিক। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে।
পিসিবি জানিয়েছে, চোটে ছিটকে যাওয়া আবদুল্লাহ ফজলের পরিবর্তে আবদুল্লাহ শফিককে দলে নেওয়া হয়েছে। ত্রিনিদাদে প্রথম টেস্টের আগের দিন অনুশীলনের সময় পিঠে চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেছেন ফজল।
অন্যদিকে, ফিটনেসজনিত কারণে শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের দলে রাখা হয়নি সৌদ শাকিলকে। তবে পাকিস্তান ক্রিকেটের পরিচালক আকিব জাভেদ জানিয়েছিলেন, ইংল্যান্ড সফরে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু ফজলের চোট এবং মিডল অর্ডারকে আরও শক্তিশালী করতে নির্ধারিত সময়ের আগেই তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শনিবার ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে শুরু হওয়া প্রথম টেস্টে পাকিস্তান ছয়জন বিশেষজ্ঞ ব্যাটার নিয়ে মাঠে নেমেছে। সাত নম্বরে খেলছেন পেস বোলিং অলরাউন্ডার আমের জামাল। তবে দ্বিতীয় টেস্ট ও ইংল্যান্ড সফরে শাকিলের অন্তর্ভুক্তি ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী করবে।
এদিকে, আবদুল্লাহ শফিকের জন্য এটি হতে পারে টেস্ট ক্যারিয়ারকে নতুন করে গুছিয়ে নেওয়ার বড় সুযোগ। ২০২৫ সালের অক্টোবরের পর এই প্রথম টেস্ট দলে ফিরলেন তিনি।