Image description

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে বাংলাদেশের। ২০২৭ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টটি শুরু হবে ২৮ মে।

 

একই বছরে ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ নারী দলও। সেপ্টেম্বরের সেই সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবেন বাংলাদেশের মেয়েরা।

 

বৃহস্পতিবার ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেখানেই বাংলাদেশ পুরুষ ও নারী দলের সফরের বিস্তারিত নিশ্চিত করা হয়েছে।

 

বাংলাদেশ ও ইংল্যান্ড পুরুষ দলের একমাত্র টেস্টটি চলবে ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত। ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড। সেবার দুটি টেস্ট খেলেছিল বাংলাদেশ, যার একটি হয়েছিল লর্ডসে এবং অন্যটি ওল্ড ট্র্যাফোর্ডে।

 

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড জানিয়েছেন, দীর্ঘ বিরতির পর বাংলাদেশের পুরুষ দলকে টেস্ট খেলতে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত। একই গ্রীষ্মে বাংলাদেশ নারী দলের সাদা বলের সিরিজ আয়োজন নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

 

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টটি ইংল্যান্ডের জন্য অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবেও কাজ করবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ শুরু হবে ১৮ জুন। তার আগে ইংল্যান্ডের শেষ টেস্ট প্রতিপক্ষ হবে বাংলাদেশ।

 

বাংলাদেশ নারী দলের সফর শুরু হবে ৮ সেপ্টেম্বর নর্দাম্পটনে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। দুই দিন পর টন্টনে হবে দ্বিতীয় ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি ১২ সেপ্টেম্বর উস্টারে অনুষ্ঠিত হবে।

পাঁচ দিনের বিরতির পর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৭ সেপ্টেম্বর হোভে প্রথম ওয়ানডের পর ২১ সেপ্টেম্বর ক্যান্টারবেরিতে দ্বিতীয় ম্যাচ খেলবে দুই দল। ২৪ সেপ্টেম্বর চেমসফোর্ডে তৃতীয় ওয়ানডে দিয়ে শেষ হবে বাংলাদেশের সফর।

 

ইংল্যান্ড নারী দলের ২০২৭ সালের ঘরোয়া আন্তর্জাতিক মৌসুমও শেষ হবে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ দিয়ে।

 

বাংলাদেশ পুরুষ দলের সূচি

  • ২৮ মে থেকে ১ জুন: একমাত্র টেস্ট, লর্ডস, লন্ডন

বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি সূচি

  • ৮ সেপ্টেম্বর: প্রথম টি-টোয়েন্টি, নর্দাম্পটন
  • ১০ সেপ্টেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, টন্টন
  • ১২ সেপ্টেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, উস্টার

বাংলাদেশ নারী দলের ওয়ানডে সূচি

  • ১৭ সেপ্টেম্বর: প্রথম ওয়ানডে, হোভ
  • ২১ সেপ্টেম্বর: দ্বিতীয় ওয়ানডে, ক্যান্টারবেরি
  • ২৪ সেপ্টেম্বর: তৃতীয় ওয়ানডে, চেমসফোর্ড