Image description

নাহ, এবারও হলো না। মুখোমুখি লড়াইয়ে এবারও লামিন ইয়ামালকে হারাতে পারলেন না কিলিয়ান এমবাপ্পে। সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিল ফ্রান্স। এই হারে ইয়ামালের সঙ্গে ব্যক্তিগত লড়াইতেও হারলেন এমবাপ্পে। মুখোমুখি ছয় লড়াইয়ে এমবাপ্পে তাই এখনো শূন্যতেই রয়ে গেলেন।

আধুনিক ফুটবলের দুই বড় তারকা প্রথমবার মুখোমুখি হয়েছিলেন ২০২৪ ইউরোতে। সেই সেমিফাইনালে পিছিয়ে পড়েও ইয়ামাল-ওলমোর গোলে দারুণ এক জয় পায় স্পেন।

সেই শুরু। এরপর এমবাপ্পের বিপক্ষে নামলেই যেন ইয়ামালের জয় সুনিশ্চিত! ক্লাব ফুটবলে প্রথম দেখা ২০২৫ সালের স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। সেই ম্যাচে এমবাপ্পের রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে শিরোপা জেতে বার্সেলোনা।

কয়েক মাস পরের কোপা দেল রের ফাইনালেও দুই অ্যাসিস্টে বার্সাকে ৩-২ গোলের জয় এনে দেন ইয়ামাল। ২০২৬ সালের স্প্যানিশ সুপার কাপ ফাইনালেও ভাগ্য বদলাতে পারেননি এমবাপ্পে। জেদ্দার সেই ফাইনালে ৩-২ ব্যবধানে জয় পায় বার্সেলোনা।

ক্লাব ফুটবলের হতাশা কাটানোর সুযোগ এসেছিল জাতীয় দলের জার্সিতে। ২০২৫ নেশনস লিগের সেমিফাইনালে আবার মুখোমুখি স্পেন ও ফ্রান্স। রোমাঞ্চকর সেই ম্যাচে ৫-৪ গোলের জয় পায় ইয়ামালের স্পেন।

এমবাপ্পের সামনে এবার সুযোগ ছিল ইয়ামালের বিপক্ষে প্রথম জয়ের। অবিশ্বাস্য পারফর্ম করে সেমিতে ওঠা ফ্রান্স ধরাশায়ী হলো স্পেনের দুর্দান্ত কৌশলী ফুটবলের কাছে। ২-০ গোলের এই জয়ে এমবাপ্পের বিপক্ষে অপরাজিতই থাকলেন ১৯ বছর বয়সী ইয়ামাল।