Image description

২০২২ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর স্পেনের দায়িত্ব নিয়েছিলেন লুইস দে লা ফুয়েন্তে। এরপর থেকেই বদলে যেতে শুরু করে লা রোজাদের চেহারা। তার অধীনে বড় টুর্নামেন্টে দুর্দান্ত সাফল্য পেয়ে এবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে স্পেন।

দে লা ফুয়েন্তের অধীনে স্পেন জিতেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০২৩ সালের নেশনস লিগ। তার কোচিংয়ে কোনো টুর্নামেন্টে একমাত্র ব্যর্থতা এসেছিল ২০২৫ সালের নেশনস লিগ ফাইনালে, যেখানে প্রতিবেশী পর্তুগালের কাছে টাইব্রেকারে হেরে যায় তারা।

এবার বিশ্বকাপের ফাইনালে উঠে ২০১০ সালের পর আবারও শিরোপার লড়াইয়ে ফিরেছে স্পেন। দে লা ফুয়েন্তের অধীনে দলের ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে রক্ষণে দৃঢ়তা, ৪-৩-৩ ফরমেশন, মাঝমাঠে নিখুঁত পাসিং এবং কৌশলগতভাবে মিডফিল্ডারকে ‘ফলস নাইন’ হিসেবে ব্যবহারের মতো বৈশিষ্ট্য।

স্পেনের বর্তমান দলের সঙ্গে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন দেশটির সোনালি প্রজন্মের। ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে টানা তিনটি বড় শিরোপা জেতা সেই দলের মতোই বর্তমান স্পেনও ধারাবাহিকতা, বল দখল ও কৌশলগত দক্ষতায় নিজেদের আলাদা করে তুলেছে।