গোটা দেশ যখন ফুটবল জ্বরে, ক্রিকেটাররাও তার ব্যতিক্রম নয়। আলোচনা সমালোচনা দুই-ই চলছে। তবে এরই মাঝে বিসিবি একগুচ্ছ হাই-প্রোফাইল হোম সিরিজের মিডিয়া স্বত্ব বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছে। তবে পুরা বিজ্ঞপ্তির আলোচনার কেন্দ্র ভারত সিরিজ! ব্রডকাস্টারদের আকর্ষণ করার মতো এই সিরিজ এখনো নিশ্চিত নয়, তবে কেন বিসিবি এক প্যাকেজেই বিক্রি করতে চায় সব?
টেলিভিশন স্বত্ব এবং ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য ভারতের বাংলাদেশ সফর মানেই টাকার খনি। বিসিবি স্বাভাবিকভাবেই সেই তুরুপের তাস সামনে রেখেই মোটা অঙ্কের আর্থিক অফার আশা করছে। তবে টুইস্টটা অন্য জায়গায়, যে সিরিজের মিডিয়া রাইটস বিক্রির জন্য এই হাঁকডাক, সেটি খোদ ভারতীয় ক্রিকেট বোর্ডের ফিউচার ট্যুরস প্রোগ্রামে এখনো অফিশিয়ালি জায়গাই পায়নি! ফলে যে সিরিজ এখনো কাগজে-কলমে ভারতের পক্ষ থেকে ১০০% নিশ্চিত নয়, সেটির মিডিয়া স্বত্ব বিক্রি করার এই প্রচেষ্টা ক্রিকেটপাড়ায় বেশ কৌতূহল ও গুঞ্জনের জন্ম দিয়েছে।

ভারত সিরিজ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে মিডিয়া স্বত্ত্ব বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছে বিসিবি। বাকি তিনটি সিরিজে ব্রডকাস্টারদের আকৃষ্ট করতেই ভারত সিরিজকে টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না, সেটা হয়তো সময়ই বলে দেবে। তবে বাংলাদেশ যে ভারত সিরিজ আয়োজন করতে নিজেদের প্রস্তুতি শুরু করেছে এই বিজ্ঞপ্তি সেটারই স্বাক্ষ্য দেয়।
মাঠের খেলা ক্রিকেট এখন রুপ নিয়েছে ব্রডকাস্ট আর বিলিয়ন ডলারের বাণিজ্যে। তাইতো বিসিবির দাবার চালে ভারত সিরিজ এখন হয়ে গেছে বিগ টিকিট। দেখার বিষয় ব্রডকাস্টাররা কেমন সাড়া দেয়। একই সাথে বিসিসিআই এবার সিরিজটা নিয়ে কোনো সিরিয়াস ডিসিশন দেয় না কি, খসরার খাতাতেই সীমাবদ্ধ রাখে সেটিও সমর্থকদের আগ্রহের কেন্দ্রে।