বিশ্বকাপে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। তিনি রসিকতা করে বলেন, নেইমার এখন যেন ‘বিশ্বের প্রথম হোম অফিস করা খেলোয়াড়’, কারণ চোটের কারণে দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে থেকেই দলে আছেন এই ফরোয়ার্ড।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, গত শুক্রবার বেলো হরিজোন্তেতে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ক্যানসার চিকিৎসায় বিনিয়োগসংক্রান্ত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন লুলা। অনুষ্ঠানে এক শিশুর সঙ্গে আলাপের সময় তিনি এই রসিকতা করেন, যা পরে আলোচনার জন্ম দেয়।
অনুষ্ঠানে লুলা শিশুটিকে প্রশ্ন করেন, ‘ব্রাজিল দলে এই মুহূর্তে সেরা খেলোয়াড় কে?’ শিশুটি জবাব দেয়, ‘নেইমার।’ এরপর প্রেসিডেন্ট আবার প্রশ্ন করেন, ‘এখন ভালো খেলোয়াড় কে আছে?’ একই উত্তর আসে নেইমারের নামেই।
এরপর লুলা মজার ছলে বলেন, ‘নেইমার তো খেলছেই না! সে হলো বিশ্বের প্রথম হোম অফিস করা খেলোয়াড়, যাকে দলে ডাকা হয়েছে। একজন হোম অফিস খেলোয়াড়! গতকালই ইন্টারনেটে এটা দেখলাম। এমন দিনও আসবে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে জাতীয় দল বানাতে হবে—এগারোজন পেলের দল!’
নেইমার বর্তমানে চোটের কারণে পুনর্বাসনে আছেন। কাফে আঘাত পাওয়ার পর তিনি প্রায় এক মাস ধরে মাঠের বাইরে রয়েছেন এবং এখন বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারেননি। এর আগে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচেও তিনি ছিলেন না।
দলের অন্য সদস্যরা হাইতির বিপক্ষে ম্যাচ খেলতে ফিলাডেলফিয়ায় গেলেও নেইমার নিউ জার্সিতে দলের ক্যাম্পে থেকে পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তিনি মাঠে ফিরতে পারেন।