Image description

ব্যক্তিগত পছন্দে ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় নিয়ে বিতর্কের শেষ নেই। কারও কাছে শীর্ষে থাকেন পেলে, কারও পছন্দ ডিয়েগো ম্যারাডোনা। আধুনিক ফুটবলে অনেকেই সেরার আসনে বসান লিওনেল মেসিকে, আবার অনেকে সমর্থন করেন ক্রিস্টিয়ানো রোনালদোকে।

বিশেষ করে ব্রাজিলিয়ানদের কাছে পেলেই ফুটবলের সর্বোচ্চ মানদণ্ড। দেশটির সাবেক-বর্তমান অধিকাংশ খেলোয়াড়ও একই মত পোষণ করেন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে ভিন্ন মত দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও।

ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার জানিয়েছেন, মেসিই সর্বকালের সেরা ফুটবলার। এ সত্যটি সবার মেনে নেওয়া উচিত বলেও মনে করেন তিনি।

তা সর্বকালের সেরার প্রসঙ্গটি আবার এল কেন? বুধবার সকালে বিশ্বকাপের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করেছেন মেসি। তার হ্যাটট্রিকে ভর করে আফ্রিকার দেশটিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা।

আলজেরিয়া ম্যাচের গোল তিনটি নিয়ে বিশ্বকাপে মেসির গোল হয়ে গেল ১৬টি। যা যৌথভাবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড। মিরোস্লাভ ক্লোসার রেকর্ডে ভাগ বসানোর পথে মেসি ছাড়িয়ে গেছেন গার্ড মুলার-রোনালদোকে।

তবে এসব রেকর্ড নিয়ে খুব বেশি মাথাব্যথা নেই মেসির। আর্জেন্টাইন মহাতারকা বলেছেন, ‘ক্লোসা ও রোনালদোর (নাজারিও) মতো খেলোয়াড়দের পাশে থাকা অবশ্যই সম্মানের।

এমন তালিকায় থাকলে ভালো লাগে। এমবাপ্পেও সেখানে আছে, ও আজ দুটো গোল করেছে। কিন্তু শেষ পর্যন্ত এগুলো শুধু পরিসংখ্যান, এর বেশি কিছু নয়।’

মেসি যোগ করেন, ‘তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা সম্মানের, কিন্তু আসলে এর আলাদা কোনো মানে নেই। যে রোনালদোকে আমি খেলতে দেখেছি, আমার কাছে তিনি ইতিহাসের অন্যতম সেরা। অথচ তিনিএই তালিকার শীর্ষে নেই। তাই এগুলো শুধু সংখ্যার হিসাব মাত্র।’

নিজে বিশ্বকাপে রেকর্ড গড়ার পরও রোনালদোর প্রতি সম্মান জানান মেসি। ব্রাজিলের সাবেক মহাতারকার থেকে ফিরতি প্রশংসা আসতেও সময় লাগেনি বেশি। তিনি তো মেসিকে সর্বকালের সেরার তকমাই দিয়ে দিলেন।

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে রোনালদো বলেছেন, ‘আর লুকিয়ে না থেকে সত্যটা মেনে নেওয়ার সময় এসেছে। মেসিই সর্বকালের সেরা ফুটবলার।’

রোনালদো আরও বলেন, ‘ও প্রতি মৌসুমে, এমনকি বিশ্বকাপেও ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছে। এটা একটা অবিস্মরণীয় ও ঐতিহাসিক রাত, যা চিরদিন ইতিহাসের পাতায় লেখা থাকবে।’

মেসির নিত্যনতুন রেকর্ড গড়া প্রসঙ্গে রোনালদো জানিয়েছেন, এসব আর তাকে অবাক করে না। রোনালদোর ভাষায়, ‘রেকর্ড তো গড়াই হয় ভাঙার জন্য। আর যে এসব রেকর্ড ভাঙছে, তা আর কোনো ফুটবল ভক্তকেই অবাক করে না। এছাড়া আর্জেন্টিনা তো বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন।’

শীর্ষনিউজ