Image description

বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে ফুটবল দুনিয়াজুড়ে। টুর্নামেন্ট শুরুর আগেই কে কোন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়—তা নিয়ে চলছে আলোচনা। সেই বিতর্কে এবার নতুন মাত্রা যোগ করেছেন ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসে।

বায়ার্ন মিউনিখের এই তরুণ তারকা সম্প্রতি ছয়টি দেশের বর্তমান সেরা ফুটবলার বেছে নিতে গিয়ে চমকে দিয়েছেন ফুটবলভক্তদের। বিশেষ করে পর্তুগালের সেরা খেলোয়াড় হিসেবে ক্রিস্তিয়ানো রোনালদোর বদলে ব্রুনো ফার্নান্দেসের নাম বলায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপ। এই আসর সামনে রেখে ফুটবলারদের মতামত ও ভবিষ্যদ্বাণীও পাচ্ছে আলাদা গুরুত্ব। বায়ার্ন মিউনিখ ই-স্পোর্টসের এক আয়োজনে বিভিন্ন দেশের সেরা খেলোয়াড় বেছে নিতে বলা হয় ওলিসেকে।

সেখানে ইংল্যান্ডের জন্য নিজের ক্লাব সতীর্থ হ্যারি কেইন এবং জার্মানির জন্য যশুয়া কিমিখকে বেছে নেন তিনি। আর্জেন্টিনার ক্ষেত্রে লিওনেল মেসির নাম বলতে দ্বিধা করেননি। স্পেনের জন্য বেছে নিয়েছেন তরুণ তারকা লামিন ইয়ামালকে।

তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে পর্তুগাল প্রসঙ্গ। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ও আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদোকে বাদ দিয়ে ওলিসে বলেন, বর্তমান পর্তুগাল দলের আসল ‘নিউক্লিয়াস’ ব্রুনো ফার্নান্দেস।

ওলিসের এমন মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একে বিস্ময়কর বলছেন, আবার অনেকে ব্রুনোর সাম্প্রতিক পারফরম্যান্সের কারণেই এই মূল্যায়নকে যৌক্তিক মনে করছেন।

রবার্তো মার্তিনেসের অধীনে বর্তমান পর্তুগাল দলে রোনালদো ও ব্রুনোর পাশাপাশি আছেন বার্নার্দো সিলভা ও রাফায়েল লিয়াওয়ের মতো তারকারা। শক্তিশালী এই স্কোয়াডকে ঘিরে পর্তুগিজ সমর্থকদের স্বপ্ন, এবারই হয়তো প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতবে তাদের দল।

বিশ্বকাপে ‘গ্রুপ কে’-তে থাকা পর্তুগাল ১৭ জুন নিজেদের প্রথম ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর মুখোমুখি হবে। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৭ জুন কলম্বিয়ার বিপক্ষে খেলবে তারা।