Image description

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও বিচার দাবি করেছেন জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার লিটন কুমার দাস। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন।

কন্যাসন্তানের বাবা হিসেবে নিজের অনুভূতি প্রকাশ করে লিটন দাস লেখেন, একজন কন্যাসন্তানের বাবা হিসেবে এই খবরটি অত্যন্ত কষ্টের এবং হৃদয়বিদারক। কোনো সমাজেই এটি মেনে নেওয়া যায় না। আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ পৃথিবী প্রয়োজন, যেখানে তারা ভয়হীনভাবে বড় হতে পারবে।

তিনি আরও বলেন, যেকোনো অন্যায়েরই সঠিক বিচার হওয়া উচিত এবং রামিসার ক্ষেত্রে বিচার কোনো বিলম্ব ছাড়াই নিশ্চিত করতে হবে। সবাইকে একসঙ্গে রামিসার জন্য বিচার দাবি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ধরনের অপরাধের জন্য কঠোরতম শাস্তি হওয়া উচিত। আমরা আর কখনো এমন কোনো ট্র্যাজেডি দেখতে চাই না।

গত মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ১১ নম্বরের বি ব্লকের একটি বাড়ির তিনতলার ফ্ল্যাট থেকে রামিসা আক্তারের খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার আগে সকাল সাড়ে ১০টার দিকে বড় বোনের সঙ্গে স্কুলে যাওয়ার কথা ছিল তার। কিন্তু হঠাৎ করেই সে নিখোঁজ হয়।

রামিসার মা ফ্ল্যাটের দরজার বাইরে মেয়ের জুতো দেখতে পেয়ে পাশের ফ্ল্যাটে নক করেন। ভেতর থেকে দরজা না খোলায় সন্দেহ বাড়ে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে দরজা ভেঙে খাটের নিচ থেকে ধড় এবং শৌচাগার থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে।

ঘটনার পর শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যায় মূল অভিযুক্ত সোহেল রানা। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পেশায় রিকশা মেকানিক এবং দুই মাস আগে স্ত্রীকে নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া ওঠে।

পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা আলামত জব্দ করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানার স্ত্রীকে আটক করেছে।

বিডি প্রতিদিন