Image description

হুট করেই দেশে এসেছেন তিনি। গুঞ্জন উঠেছিল, বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ দেখতে মিরপুর স্টেডিয়ামে যাবেন হামজা চৌধুরী। তবে মিরপুরে নয়, হামজা গেলেন মোহাম্মদপুর। ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত কিশোর-কিশোরীদের প্রতিভা অন্বেষণমূলক কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর একটি ক্রিকেট ম্যাচ দেখতে সেখানে গিয়েছিলেন বাংলাদেশ ফুটবলের এই তারকা।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর কার্যক্রমে হামজা চৌধুরীকে সম্পৃক্ত করার আগ্রহ প্রকাশ করেছিলেন আগেই। সেই পরিকল্পনার অংশ হিসেবেই হামজার এই সফর। আজ মাঠে তার সঙ্গে ছিলেন আমিনুল হক এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

রাজধানীর মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ মাঠে আজ বিকেলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর ম্যাচটি অনুষ্ঠিত হয়। সেখানে শিশুদের উদ্দেশে বক্তব্যও রাখেন হামজা।

গত পরশু হামজা মিরপুরে গিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তবে তিনি যখন স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হন, ততক্ষণে ক্রিকেটাররা তাদের অনুশীলন শুরু করে দেওয়ায় সেই সাক্ষাৎ আর সম্ভব হয়নি।

জাতীয় দলের ক্রিকেটাররা তাই দেখা না পেলেও ক্ষুদে ক্রিকেটাররা ঠিকই পেল হামজার সান্নিধ্য।