Image description

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে লড়ছে বাংলাদেশ দল। মিরপুরে আজ (শুক্রবার) প্রথম দিনে টস হেরে আগে ব্যাট করছে টাইগাররা। এই ম্যাচ শুরুর আগে ছিল নতুনত্ব। সাধারণত খেলার আগে ধারণকৃত (রেকর্ডেড) জাতীয় সঙ্গীত বাজানো হয়। তবে এদিন বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইতে মাঠে হাজির হয়েছিলেন নেমেসিস ব্যান্ডের ভোকালিস্ট জোহাদ রেজা চৌধুরী।

মিরপুর শের-ই বাংলার মাঠে দুই দলের ক্রিকেটারদের সারির কিছুটা সামনে দাঁড়িয়ে তিনি জাতীয় সঙ্গীত গেয়েছেন। পরে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের ডাকে মাঠে আসার কথা জানান জোহাদ। পরে এই সঙ্গীতশিল্পী বলেন, ‘সভাপতি তামিম ইকবাল ফোন করে বলল, (ভাইয়া) আপনি কী এটা করতে পারবেন। প্লিজ, একটু গান গেয়ে যান। তামিম কল করার পর একটু নার্ভাস ছিলাম। কিন্তু আজকে হয়ে গেল। ভালো লাগল।’

প্রথমবার ক্রিকেট ম্যাচের আগে গাওয়া প্রসঙ্গে জোহাদ বলেন, ‘(অনুভূতি) বলে বোঝাতে পারব না। ভালো লাগছে।’ পরে নিজের প্রিয় ক্রিকেটার প্রসঙ্গে এই সংগীতশিল্পী বলেন, ‘আমার প্রিয় ক্রিকেটার– মাশরাফি ছিল, তামিম ছিল, একটু আগের জেনারেশন তো।’ 

 

পাঁচদিনের টেস্ট শেষে বাংলাদেশ জিতবে বলেও আশাবাদী নেমেসিস ব্যান্ডের ভোকালিস্ট জোহাদ, ‘ভালো করবে। আশা করি পাঁচ দিন খেলবে। যদি জয় নিয়ে আসতে পারি। আমরা সবাই খুশি, আপনারা সবাই খুশি। আমি চাই মিরাজ ভালো করুক, সবাই ভালো করুক। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং–সবকিছু!’

প্রসঙ্গত, ২০২৪ সালের পর লম্বা বিরতি দিয়ে টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। শেষবার পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে ফিরেছিল টাইগাররা। এবার শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশ কিছুটা ব্যাকফুটে চলে যায়। তবে ৩১/২ স্কোরলাইন এখন দলীয় শতকের দিকে টেনে চলেছেন মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।