মিরপুর টেস্টে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ফলে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে আগে ব্যাট করতে নামছে বাংলাদেশ।
ঢাকায় গত কয়েক দিন বৃষ্টি হলেও আজ ম্যাচ শুরুর সকালে মিরপুরের আকাশ রৌদ্রোজ্জ্বল। উইকেটে ঘাস আছে, যা দুই দলের পেসারদের জন্য আগ্রহের জায়গা তৈরি করেছে। এমন কন্ডিশনে বাংলাদেশ একাদশে রাখা হয়েছে তিন পেসার— তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন। সঙ্গে আছেন দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
ম্যাচের আগে বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন। গত কয়েক বছরে বাংলাদেশের পেসাররা যেভাবে উন্নতি করেছেন, সেটিকে বড় শক্তি হিসেবেই দেখছে স্বাগতিক দল। সবুজাভ উইকেটে বিশেষ নজর থাকবে নাহিদ রানার ওপর। টসের আগে তাকে উইকেটে বল হাতে প্রস্তুতি নিতে দেখা গেছে।
বাংলাদেশের ব্যাটিংয়ের বড় দায়িত্ব থাকবে টপ অর্ডারের ওপর। নাজমুল আগেই বলেছেন, প্রথম ইনিংসে বড় রান করাই দলের লক্ষ্য। ভালো উইকেটে সুযোগ পেলে ৪০০ বা তার বেশি রান করতে চায় বাংলাদেশ। সেটি ৮০ ওভারে হোক বা ১২০ ওভারে, অধিনায়কের কাছে গুরুত্বপূর্ণ হলো স্কোরবোর্ডে বড় সংগ্রহ তোলা।
পাকিস্তান দল ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে। বাঁ হাঁটুর চোটে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন বাবর আজম। সাম্প্রতিক ফর্মে থাকা এই ব্যাটসম্যানকে না পাওয়া সফরকারীদের জন্য বড় ক্ষতি। তবে পাকিস্তানের ব্যাটিংয়ে আছেন ইমাম-উল-হক, শান মাসুদ, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার মতো অভিজ্ঞরা।
পাকিস্তানের বোলিং আক্রমণে আছেন শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী ও মোহাম্মদ আব্বাস। তাদের সঙ্গে স্পিন বিভাগে নোমান আলী।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন।
পাকিস্তান একাদশ
আজান আওয়াইস, ইমাম-উল-হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, শাহিন শাহ আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মোহাম্মদ আব্বাস