ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। টানা দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে তাওহীদ হৃদয়ের দল।
আগে ব্যাট করতে নেমে মোহামেডানের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে বড় সংগ্রহ গড়তে পারেনি ব্রাদার্স।
শাহরিয়ার কমল ২৩ রান করে তানভীর ইসলামের শিকার হন। আদিল বিন সিদ্দিক ২৪ রান করলেও ইনিংস বড় করতে পারেননি।
১৩১ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়া ব্রাদার্সকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন সোহাগ গাজী। অভিজ্ঞ এই অলরাউন্ডার ৩৫ বলে খেলেন ঝড়ো ৫০ রানের ইনিংস। শেষদিকে শরিফুল ইসলাম ও নাঈম ইসলামের ছোট দুটি ইনিংসে দুইশ পার করে ব্রাদার্স।
২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি মোহামেডানেরও। দলীয় ৫০ রানের মধ্যেই ফিরে যান তিন ব্যাটার। এনামুল হক বিজয় মাত্র ১ রান করে আউট হন। নাইম শেখ ও পারভেজ হোসেন ইমনও বেশিক্ষণ টিকতে পারেননি।
তবে এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মোহামেডান। তাওহীদ হৃদয় ও তাইবুর রহমান চতুর্থ উইকেটে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। দুজনই তুলে নেন দুর্দান্ত হাফ সেঞ্চুরি। হৃদয় দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংস এগিয়ে নেন, আর তাইবুর খেলেন কার্যকর এক ইনিংস। তাদের জুটিতেই জয়ের ভিত গড়ে যায় মোহামেডানের।
শেষদিকে আর কোনো বিপদ হতে দেননি বাকি ব্যাটাররা। ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। টানা দ্বিতীয় জয়ে এবারের ডিপিএলে নিজেদের শক্ত অবস্থানের বার্তাও দিয়ে রাখল দলটি।