Image description

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে অস্থিরতা নতুন মাত্রা পেয়েছে। সতীর্থ অরিলিয়েঁ চুয়ামেনি-র সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে ফেদেরিকো ভালভের্দে-কে।

স্প্যানিশ গণমাধ্যম কাদেনা এসইআর-এর প্রতিবেদনে জানানো হয়, সংঘর্ষের সময় মাথায় গুরুতর আঘাত পান ভালভের্দে। রক্তক্ষরণ হওয়ায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় এবং মাথায় কয়েকটি সেলাই দিতে হয়।

ঘটনার সূত্রপাত হয় আগের দিন, যখন চুয়ামেনি ও ভালভের্দের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। সতীর্থরা হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দিলেও পরদিন অনুশীলন মাঠে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। ভালদেবেবাস ট্রেনিং গ্রাউন্ড-এ এই ঘটনা ঘটে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, ক্লাবের ভেতরে এটি ‘অত্যন্ত গুরুতর’ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্লাব কর্তৃপক্ষ জরুরি বৈঠক ডেকেছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, হাতাহাতির এক পর্যায়ে ভালভের্দের মাথা একটি টেবিলে আঘাত করে, যা তার চোটের কারণ হয়। ঘটনাটি বিচ্ছিন্ন নয় বলেও দাবি করা হয়েছে দলের ভেতরে সম্পর্কের অবনতি দীর্ঘদিন ধরেই চলছিল।

ঘটনার পরপরই ড্রেসিংরুমে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন দলের সব খেলোয়াড়। ক্লাবের লক্ষ্য ছিল দ্রুত অভ্যন্তরীণ সমস্যা সমাধান করা এবং বাড়তে থাকা উত্তেজনা নিয়ন্ত্রণে আনা।

এমন পরিস্থিতিতে দলের পারফরম্যান্স নিয়েও উদ্বেগ বাড়ছে। চলতি মৌসুমে শিরোপাশূন্য থাকার শঙ্কায় থাকা রিয়ালের সামনে বড় পরীক্ষা অপেক্ষা করছে।

আগামী ১০ মে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা-র বিপক্ষে মৌসুমের শেষ এল ক্লাসিকো-তে মুখোমুখি হবে তারা।
দলের অভ্যন্তরীণ এই কোন্দল এখন সমর্থকদের মধ্যেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

শীর্ষনিউজ