Image description

ইন্টার মায়ামির নতুন কোচ হিসেবে গুইলার্মো হোয়োসের অভিষেকে জয় উপহার দিলেন অধিনায়ক লিওনেল মেসি। আজ মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মেসির জোড়া গোলে কলোরাডো র্যাপিডসকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।

মেসি একটি গোল করেছেন পেনাল্টি থেকে, ম্যাচের ১৮ মিনিটে। অন্যটি করেছেন ম্যাচের ৭৯তম মিনিটে। এই গোলটিই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে। শুরুতে অবশ্য মায়ামিই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল।

মেসির পেনাল্টিতে মায়ামি এগিয়ে যাওয়ার পর দলটি দ্বিতীয় গোল পায় প্রথমার্ধের যোগ করা সময়ে। বিরতির ঠিক আগে মেসির একটি ফ্লিক থেকে বল পেয়ে মাতেও সিলভেত্তি ক্রস বাড়ান, যা থেকে হেডে গোল করেন জার্মান বার্তেরাম।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্বাগতিক কলোরাডো। ৪ মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচে তাদের সমতায় ফেরান রাফায়েল নাভারো (৫৮) ও ড্যারেন ইয়াপি (৬২)। সেই সমতা থেকেই পরে ম্যাচ মায়ামির দিকে ঘুরিয়ে দেন মেসি।

স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ৭৫,৮২৪ দর্শক, যা এমএলএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ৭৫,৮২৪ দর্শক, যা এমএলএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।এএফপি

আর্জেন্টাইন তারকার কারণে টিকিটের ব্যাপক চাহিদা মেটাতে কলোরাডো ম্যাচটি ডেনভারের বিশাল এনএফএল স্টেডিয়ামে সরিয়ে নেয়। ম্যাচের সময় দেখা যায়, স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ৭৫,৮২৪ দর্শক, যা এমএলএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

এমন এক ম্যাচেই ফল নির্ধারণ হয়েছে মেসিরই গোলে। ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে রদ্রিগো দি পলের বাড়ানো বল ধরে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পড়েন মেসি। সেখানে তিনজন ডিফেন্ডারকে পরাস্ত করে বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে হাভিয়ের মাচেরানো পদত্যাগ করার চার দিন পর আজ মায়ামির ভারপ্রাপ্ত কোচ হিসেবে ডাগআউটে ছিলেন হোয়োস। মেসির দীর্ঘদিনের বন্ধু হোয়োস এই জয়ে দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আমাদের কাছে ইতিহাসের সেরা খেলোয়াড় আছে, যে ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে।’

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল ইন্টার মায়ামি
এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল ইন্টার মায়ামি/এএফপি

এই হোয়োসের সঙ্গে মেসির সম্পর্ক দুই দশকের বেশি সময়ের। বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে একসঙ্গে ছিলেন তাঁরা। বর্তমানে ইন্টার মায়ামির স্পোর্টিং ডিরেক্টর হিসেবে দায়িত্বরত হোয়োসকে আপাতত কোচের কাজ চালিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল ইন্টার মায়ামি। ৮ ম্যাচে দলটির পয়েন্ট ১৫, সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল। হোয়োস বলেছেন, ‘এটি আমাদের ধারাবাহিক উন্নতিরই অংশ। মনে রাখতে হবে, এই দলটি বর্তমান এমএলএস চ্যাম্পিয়ন।’