Image description

পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোখছেদুল কামাল বাবু।

এর আগে, এই কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি এবং বর্তমানে ওয়েলফেয়ার কমিটির দায়িত্বেও আছেন।

অন্যদিকে, গত বছরের অক্টোবর থেকে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আমজাদ হোসেন। রোববার সন্ধ্যায় তাকে সরিয়ে নতুন চেয়ারম্যান হিসেবে বাবুকে দায়িত্ব দেওয়া হয়। যদিও এই পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, আমজাদ হোসেনকে গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব দেওয়া হতে পারে। এই পদে এতদিন ছিলেন হাবিবুল বাশার সুমন, নতুন করে প্রধান নির্বাচকের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।

এদিকে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর প্রধান নির্বাচকের পদ থেকে বিদায় নিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু, যদিও মাসের শেষ পর্যন্ত তার চুক্তি বহাল রয়েছে। একই সঙ্গে নতুন নির্বাচক নিয়োগের প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে বিসিবি, যেখানে সহকারী নির্বাচক হিসেবে নাঈম ইসলামকে আনার পরিকল্পনা রয়েছে।