Image description

সিরিজ নির্ধারণী ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে শেষ ওভারে নেওয়া বাংলাদেশ রিভিউ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই রিভিউ নিয়ে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে অভিযোগ জানিয়েছে পাকিস্তান। দলটির দাবি, নিয়ম ভেঙে জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখার পর রিভিউ নিয়েছে বাংলাদেশ|

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঘটনাটি ঘটে কাল রাতে ম্যাচের শেষ ওভারে। জয়ের জন্য শেষ ২ বলে ১২ রান দরকার ছিল পাকিস্তানের।

ব্যাটিংয়ে ছিলেন পাকিস্তান অধিনায়ক শাহীন আফ্রিদি। রিশাদ হোসেনের পরের বলটা লেগ স্টাম্পের বাইরের দিকে গেলে আম্পায়ার কুমার ধর্মসেনা ওয়াইড দেন। এতে ২ বলে ১১ রানের চাহিদায় নেমে আসে ম্যাচ। 

 

মরিয়া বাংলাদেশ ওয়াইড থেকে রক্ষার চেষ্টা চালায়।

সরাসরি ওয়াইড রিভিউ করার নিয়ম নেই আন্তর্জাতিক ক্রিকেটে। তবে উইকেটকিপার লিটন দাসের উপস্থিত বুদ্ধিমত্তায় বাংলাদেশ এলবিডব্লিউয়ের আবেদন করে রিভিউ নেয়। 

 

অনুমিতভাবে রিভিউতে এলবিডব্লিউ হয়নি। তবে ব্যাটে বল লাগায় ওয়াইডের সিদ্ধান্তটি বাতিল হয়ে যায় এবং ম্যাচ বাংলাদেশের নাগালে চলে আসে।

শেষ বলে আফ্রিদিকে স্টাম্পড আউট হয়ে গেলে ১১ রানের জয়ের সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকেরা। 

 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘লিটন এবং শান্ত দুজনেই পরামর্শ দিয়েছিল যে যেহেতু আমাদের রিভিউ বাকি আছে, তাই এটি নেওয়া উচিত। আমরা জানতাম আমাদের দুটি রিভিউ হাতে আছে এবং এটি আমাদের পরিকল্পনারই অংশ ছিল।’

প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো রিভিউ নেওয়ার সিদ্ধান্ত খেলোয়াড়দের সামনে রিপ্লে দৃশ্যমান হওয়ার আগেই নিতে হয়, যেন রিপ্লে দেখে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত প্রভাবিত না হয়।

পাকিস্তানের মূল আপত্তিগুলো হলো:

সময়ের সীমাবদ্ধতা: নিয়ম অনুযায়ী ১৫ সেকেন্ডের মধ্যে রিভিউ নিতে হয়।

কিন্তু পাকিস্তান মনে করছে, বাংলাদেশ আরো বেশি সময় নিয়েছে।

 

জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখা: অভিযোগ উঠেছে, মাঠের বড় পর্দায় রিপ্লে দেখার সুযোগ পাওয়ার পরেই বাংলাদেশ রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

টাইমারের অনুপস্থিতি: ওই সময় টিভি সম্প্রচারে কোনো নির্দিষ্ট সময় বা টাইমার দেখানো হচ্ছিল না।

জানা গেছে,  ম্যাচ শেষে পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন রেফারি নিয়ামুর রশিদ রাহুলের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ জানান। তবে রেফারির পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাগতিক বাংলাদেশ কোনো অন্যায্য সুবিধা নেয়নি।