সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এই শোকজের জবাব না দেওয়ার ঘোষণা দিলেও আগের বিবৃতি থেকে সরে এসে লিখিত জবাব দেওয়ার কথা জানিয়েছেন। একইসঙ্গে সংগঠনের কেউ চেইন অব কমান্ডের ঊর্ধ্বে নয় বলেও উল্লেখ করেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে হামিম জানান, “চেইন অব কমান্ড” সবক্ষেত্রে বেশি জরুরি। হযরত মুহাম্মদ(সাঃ) এর নেতৃত্বেও মুসলমানদের পরাজয় ঘটার কাহিনী আছে, যথাযথভাবে চেইন অব কমান্ড না মানার ফলে। তাই, আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাকে যে শোকজ করেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি এ দলের একজন আদর্শিক কর্মী হিসেবে “লিখিত জবাব” আমি দেব।’
তিনি জানান, গতকালকে রাতে শোকজপত্র আমি না পেয়ে যখন ফেসবুকে দেখলাম ও বিভিন্ন ভুঁইফোঁড় মিডিয়া মিথ্যা নিউজ করতে শুরু করে “চাঁদাবাজি” কিম্বা “শিবির সংশ্লিষ্টতা”র ফলে হামিমকে শোকজ, তখন আমি মানসিকভাবে মেনে নিতে না পেরে ফেসবুকে ভিডিও বার্তা দিতে বাধ্য হয়েছি। কেননা, ক্লাস ৬ থেকে ছাত্রদলের সাথে আমার পথচলা, সকল দুঃসময়ে মিছিলে থাকা কিম্বা নেতৃত্ব দেওয়া অথবা ৫ আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসে সুযোগ পেয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ- সবকিছুরই মূলে ছিলো প্রাণের চেয়ে প্রিয় এই সংগঠন “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল”-কে সকলের মাঝে পজিটিভলি তুলে ধরার অভিপ্রায়।
হামিম জানান, আমি মনে করি, প্রতিটি সংগঠনে কেউ “চেইন অব কমান্ড”-এর ঊর্ধ্বে নয়। আমি নিজেও নই। তবে, শিক্ষার্থীদের প্রশ্নে সবসময়ই আপোসহীন ছিলাম। ইনশাল্লাহ, সাংগঠনিক শৃঙ্খলা মেনে সংগঠনকে নেতৃত্ব দেবার ফলেই একটি শৃঙ্খলবদ্ধ ছাত্রদল আগামীতে শিক্ষার্থীদের পথ দেখাবে। আপনারা সকলে আমার জন্য দুআ করবেন। আমার আবেগ-ভালোবাসার এ সংগঠন নিয়ে আমার স্বপ্ন ও পরিকল্পনা বহুদূর। যে স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে সময়োপযোগী ও যুগোপযোগী ছাত্রদল শিক্ষার্থীদের হৃদয়ে অবস্থান নেবে ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, আমার অনুভূতিকে যারা পজিটিভলি নিয়েছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে দুঃখপ্রকাশ করছি।’