মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেছেন, যারাই অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের উদ্দেশ্যে বলতে চাই- ন্যায়ের পক্ষে ও ইনসাফের পক্ষে কোনো সমঝোতা হবে না। আমাদের ন্যায় ও ইনসাফের পক্ষে বাধা হয়ে দাঁড়াতে আসলে সঙ্গে সঙ্গে আমরা তাদের প্রতিহত করব।
শুক্রবার (২৭ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবচর উপজেলার ১১ দলীয় জোটের পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদবরচরের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হানজালা বলেন, আমরা এ দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য এসেছি। আমি এলাকার সব সাধারণ মানুষকে বলবো, আপনারা নির্দ্বিধায় মাথা উঁচু করে বাঁচবেন। যেখানে অন্যায় অবিচার দেখবেন আমাদেরকে জানানোর চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, আমার নির্বাচনি অন্যতম প্রতিশ্রুতি এলাকায় কোনো মাদক ব্যবসা থাকতে পারবে না। আমরা বিগত দিনে দেখেছি- এলাকায় যারা মাদক, চাঁদাবাজির সঙ্গে জড়িত তারা কোনো না কোনো দলের সম্পৃক্ত। আমার মনে হয় কোনো দল চাঁদাবাজি করার বা নেশা বিক্রির অনুমতি দেয় না। তাই আমার কথায় স্পষ্ট- বাংলাদেশের কোথায় কি হয় জানি না তবে শিবচরে কোনো মাদক কারবারি, চাঁদাবাজদের স্থান হবে না। শিবচরের কোনো বড় লোকরা যেন গরিবের ওপর অত্যাচার, জুলুম, নির্যাতন না করতে পারে, এটাও আমরা দেখব।
ইফতার ও দোয়া মাহফিলে জোটের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলার আমির মাওলানা মো. মোকলেছুর রহমান, সেক্রেটারি হাফেজ মো. এনায়েত হোসেন, শিবচর উপজেলার আমির মো. সারোয়ার হোসেন মৃধা, হাজী শরীয়তুল্লাহ (রহ) ও সপ্তম পুরুষ মাওলানা জিয়াউদ্দিন আহমাদ ত্বহা প্রমুখ।