রাজধানীর ধানমন্ডিতে আকস্মিক এক ঝটিকা মিছিল বের করেছিল মহিলা আওয়ামী লীগের স্বল্প সংখ্যক নেতাকর্মী। ঘটনাস্থল থেকে সংগঠনের সাত নেত্রীসহ মোট আটজনকে আটক করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।
শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে ধানমন্ডির ৩ নম্বর রোড এলাকায় ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ ব্যানারে হঠাৎ ২০ থেকে ২৫ জনের একটি দল সড়কে নেমে আসে। তারা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল শুরু করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে খবর পাওয়ামাত্রই সেখানে উপস্থিত হয় ধানমন্ডি জোনের টহল পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অংশগ্রহণকারীদের অধিকাংশ সটকে পড়লেও পুলিশ ঘেরাও দিয়ে আটজনকে নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।
ডিএমপির মুখপাত্র, উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আমার দেশকে আটকের সত্যতা নিশ্চিত করেন।
ধানমন্ডি অঞ্চলের সিনিয়র সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেন, মিছিলকারীরা আকস্মিকভাবে স্লোগান দিতে দিতে সড়ক প্রদক্ষিণ করছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটকদের মধ্যে সাতজন মহিলা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এছাড়া মিছিলকারীদের বহন করে নিয়ে আসা মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং এর চালককেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে মিছিলের ব্যানার ও বেশ কিছু প্ল্যাকার্ড জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।