নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে এলাকায় গিয়ে হামলার মুখে পড়েছেন সংসদ সদস্য হান্নান মাসউদ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে এবং এলাকা পরিদর্শনে যান হান্নান মাসউদ। প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গাড়িবহরে হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের একপর্যায়ে হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। উভয় পক্ষই সড়কের দুই পাশে অবস্থান নেওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বলে জানা গেছে।
এমপি হান্নান মাসউদ বলেন, বেলাল মাঝিকে গ্রেপ্তার করা না পর্যন্ত আমি এখান থেকে অবস্থান ছাড়ব না। সে ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা করেছিল।
এ বিষয়ে অভিযুক্ত বেলাল মাঝির বক্তব্য পাওয়া যায়নি।
হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, আমি ঘটনাস্থলে আছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
শীর্ষনিউজ