চট্টগ্রামের সন্দ্বীপে তারাবির নামাজ শুরুর আগে জিহাদ নামের এক মুসল্লির ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে বাউরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জমির মাজির মসজিদে এ ঘটনা ঘটে।
আহত মো. জিহাদ বাউরিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি বলে দাবী করেছেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম জেলা আমির আলাউদ্দিন সিকদার। তিনি এ ঘটনায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কর্মীরা জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র তারাবির নামাজ শুরুর সময় স্থানীয় জামালের নেতৃত্বে কয়েকজন যুবক মসজিদের প্রাঙ্গণ থেকে জিহাদকে জোরপূর্বক টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যায় এবং বেধরক মারধর করে রক্তাক্ত করে।
হামলাকারীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে জিহাদকে গুরুতর জখম করেছে বলে দাবি করেছেন তার স্বজনরা। পরে তাকে উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের ও সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর ঘটনাস্থলে যান। এ সময় অ্যাডভোকেট আবু তাহের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, হামলাকারীরা বিএনপি বা অঙ্গসংগঠনের কেউ নয়। তিনি এসব দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সন্দ্বীপ থানা পুলিশ জানায়, এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।