Image description
 

নতুন সরকারের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী। আজ (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৩ মিনিটে তিনি শপথ নিয়েছেন। তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সদস্যরা শপথ নিয়েছেন। বিকেলে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান। আর এর মধ্য দিয়ে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী একটি নির্বাচিত সরকারের যাত্রা শুরু হলো।

ঐতিহ্যগতভাবে নতুন মন্ত্রিসভার শপথের আনুষ্ঠানিকতা হতো বঙ্গভবনের দরবার হলে। এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা দেশের ইতিহাসে ব্যতিক্রম।

সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সাধারণত জাতীয় সংসদের স্পিকার এ দায়িত্ব পালন করেন, কিন্তু গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ জন দেশি ও বিদেশি অতিথি অংশগ্রহণ করেন। ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি শপথ অনুষ্ঠানে অংশ নেন।

শীর্ষনিউজ