ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ পটুয়াখালী-৩ আসনে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন অভিযোগ করেছেন, গলাচিপা-দশমিনা এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের অধিকাংশই আওয়ামী লীগ থেকে গণঅধিকার পরিষদে যোগ দেওয়া নেতাকর্মী।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দেওয়া একাধিক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এক পোস্টে হাসান মামুন দাবি করেন, গলাচিপা-দশমিনার চর কাজল, ডাকুয়া, চিকনিকান্দিসহ বিভিন্ন ইউনিয়নে বিএনপির পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটছে।
আরেক পোস্টে তিনি লেখেন, গলাচিপা-দশমিনায় যারা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছেন, তাদের প্রায় শতভাগই আওয়ামী লীগ থেকে ‘কনভার্টেড’ গণঅধিকার পরিষদের নেতাকর্মী। তার এ অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট মহলের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।