চট্টগ্রাম ৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, যারা দীর্ঘদিন ধরে তার দলের নেতাকর্মী ও সমর্থকদের ওপর নির্যাতন চালিয়েছে, তারা এখন দেশের বাইরে অবস্থান করছে। তিনি দাবি করেন, এ কারণে রাঙ্গুনিয়ায় শান্তি ফিরেছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ইছাখালি মুহাম্মদপুরে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
হুম্মাম কাদের চৌধুরী বলেন, যারা এত বছর ধরে আমাদের ভাই বোনদের ওপর নির্যাতন করেছে, তাদের ভোট আমার লাগবে না। বুক ফুলিয়ে বলতে পারি, যারা নির্যাতন করেছিল, তারা এখন দিল্লীতে বসবাস করে। সেই কারণে রাঙ্গুনিয়ার মানুষ আবারও শান্তি ফিরে পেয়েছে।
তিনি বলেন, আগামী ১২ তারিখ ভোটারদের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে।
নিজের পরিচয় তুলে ধরে হুমাম কাদের চৌধুরী বলেন, আমি প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে এবং দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছি।
তিনি অভিযোগ করেন, অতীতে তাকে গুম করে কয়েক মাস আটকে রাখা হয়েছিল এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। পরে তিনি সিদ্ধান্ত নেন, তার বাবা যে রাজনৈতিক লড়াই শুরু করেছিলেন, তা তিনি চালিয়ে যাবেন।
হুম্মাম কাদের চৌধুরী আরও বলেন, রাঙ্গুনিয়ায় বালু ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দৌরাত্ম্য রোধে তিনি কাজ করবেন এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করবেন।
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন শাহ। প্রধান বক্তা ছিলেন একেএসের এমডি সামানজার খান।
বিশেষ অতিথি ছিলেন- পৌর বিএনপির আহবায়ক মো. মাহবুব ছাফা, আবদুল শুক্কুর, যুবদল নেতা নিজাম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মোরশেদ আলম, তারেক, মাহবুব ও আনোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাসুদ রানা।