Image description

নিজস্ব প্রতিবেদক।।


ঢাকা-১৬ আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্ণেল আব্দুল বাতেন বলেছেন, জনগণ ভোটের মাধ্যমে আমাকে দায়িত্ব দিলে রূপনগর-পল্লবীকে চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। আমরা নিজেরা কখনো চাঁদা নেব না, কাউকে নিতেও দেব না। একইভাবে দখলবাজি করব না, কাউকে করতেও দেওয়া হবে না।
শুক্রবার সকাল ১০টায় মিরপুর-৬ নম্বর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ঢাকা-১৬ আসনে যেমন নানা সমস্যা রয়েছে, তেমনি রয়েছে অপার সম্ভাবনাও। সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে এখানে অনেক উন্নয়নমূলক কাজ করা সম্ভব। কিন্তু চাঁদাবাজি ও দখলবাজি এই উন্নয়নের সবচেয়ে বড় বাধা। তাই আমি নির্বাচিত হলে সর্বপ্রথম এসব অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা হবে। পাশাপাশি উন্নতমানের হাসপাতাল, স্কুল-কলেজ এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১২ তারিখে এখানকার বাসিন্দাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবায়ন সম্ভব হবে।

কর্ণেল আব্দুল বাতেন বলেন, অতীতে বহুবার সরকার পরিবর্তন হলেও রূপনগর-পল্লবীবাসীর ভাগ্যের প্রকৃত পরিবর্তন হয়নি। সবাই কিছু গতানুগতিক কাজ করে দায়িত্ব এড়িয়ে গেছে। কিন্তু আমরা সে পথে হাঁটব না। জনগণের সেবায় যা যা প্রয়োজন, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে—ইনশাআল্লাহ।

গণসংযোগে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের মজলিসে শূরার সদস্য ও রূপনগর থানা আমীর মো. আবু হানিফ। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা-১৬ আসন পরিচালক প্রিন্সিপাল মো. নাসির উদ্দীন।

এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত ০৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাসানুল বান্না চপল, রূপনগর থানা নায়েবে আমীর দেওয়ান মো: শাজাহান থানা কর্মপরিষদ সদস্য দেওয়ান মো: শাজাহান, শেখ নুরুন্নবী মানিকসহ স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। 

গণসংযোগে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা অংশ নেন। গণসংযোগটি চলন্তিকা মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিরপুর-১১ নম্বরে গিয়ে শেষ হয়।